প্রবাসীদের সমস্যা চিহ্নিত, সমাধানে কাজ চলছে: নুরুল হক নুর

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৬

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি প্রবাসীদের নানা সমস্যা চিহ্নিত করা হয়েছে এবং সেগুলোর সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, প্রবাসীদের কর্মসংস্থানের পাশাপাশি তাদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে।

৬ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া সৌদি আরবসহ বিভিন্ন দেশে প্রবাসীদের সমস্যা সমাধানের বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশ দেন।

নোটিশে ই-পাসপোর্ট জটিলতা, অপহরণ ও নির্যাতন, দালাল চক্রের প্রতারণা, দক্ষ জনশক্তি তৈরি, গামকা মেডিকেল পরীক্ষায় অনিয়ম, বিএমইটির দুর্নীতি, অবৈধ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দূতাবাস থেকে সরাসরি সহায়তা এবং অসুস্থ ও মৃত প্রবাসীদের সরকারি সহায়তাসহ ১০টি বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

জবাবে নুরুল হক নুর বলেন, প্রবাসীদের সমস্যাগুলো যথাযথভাবে চিহ্নিত করা হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে গবেষণা করতে হয়েছে। প্রবাসীদের নানা সমস্যার বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই বলেও স্বীকার করেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রবাসীদের কর্মসংস্থান ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী জনশক্তি প্রস্তুতের উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি জানান, সংশ্লিষ্ট দেশগুলোর সাথে অনলাইনে বৈঠক করে তাদের জনশক্তির চাহিদা নেওয়া হচ্ছে। সেই চাহিদার ভিত্তিতে ‘ডিমান্ড ম্যাপিং’ করে দক্ষ জনশক্তি তৈরির পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করে। কিন্তু বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা নানা হয়রানি ও জটিলতার মুখোমুখি হচ্ছেন।

তিনি বলেন, এনআইডি বা জন্মনিবন্ধনের তথ্যের সামান্য অসঙ্গতির কারণে অনেক সময় ই-পাসপোর্ট আটকে যাচ্ছে। এতে প্রবাসীদের ইকামা নবায়ন ও ব্যাংকিং সেবাও বন্ধ হয়ে যাচ্ছে। এ সমস্যা সমাধানে দূতাবাসগুলোতে বিশেষ ই-পাসপোর্ট সেল গঠন এবং এমআরপি পাসপোর্টের ধারাবাহিকতা রেখে নবায়নের সুবিধা দেওয়ার দাবি জানান তিনি।

সৌদি আরবে প্রবাসীদের অপহরণ ও মুক্তিপণ আদায় বন্ধে দূতাবাস ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান মোবাশ্বের আলম। পাশাপাশি প্রতারণার শিকার প্রবাসীদের দ্রুত বিচার ও ক্ষতিপূরণ, সরকারি আইনি সহায়তা এবং দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া গামকা মেডিকেল পরীক্ষায় অনিয়ম ও ‘ফিট-আনফিট’ বাণিজ্য বন্ধ, বিএমইটির দুর্নীতি প্রতিরোধ, অবৈধ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা এবং অতিরিক্ত অভিবাসন ব্যয় কমানোর দাবি জানান তিনি।

দূতাবাস থেকে সরাসরি আইনি ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি অসুস্থ প্রবাসীদের চিকিৎসা ব্যয় বহন এবং মৃত প্রবাসীদের মরদেহ দ্রুত ও বিনামূল্যে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থারও দাবি তোলেন এই সংসদ সদস্য।