ইসরায়েলি বসতির পণ্যে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৬

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলো থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে অবৈধ বসতি স্থাপন ও সম্প্রসারণে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে দেশটি।

মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে এ ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। তিনি বলেন, অবৈধ বসতি থেকে আসা পণ্য যুক্তরাজ্যের দোকানে বিক্রির মাধ্যমে দখলদারিকে সমর্থন করতে চান না ব্রিটিশ জনগণ।

মিলিব্যান্ড জানান, অবৈধ বসতি স্থাপন ও এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ড মোকাবেলায় একটি ‘সমন্বিত নিষেধাজ্ঞা ব্যবস্থা’ গড়ে তোলা হবে। ধর্মীয় প্রয়োজনের ক্ষেত্রে এতে উপযুক্ত ছাড় থাকবে।

অবৈধ বসতি স্থাপন ও সম্প্রসারণে সহায়তাকারীদের সতর্ক করে তিনি বলেন, তাদের যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার ‘পূর্ণ শক্তির’ মুখোমুখি হতে হবে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিম তীরের কিছু এলাকায় ফিলিস্তিনিদের ‘জাতিগত নিধন’ বা উচ্ছেদ চলছে—এমন বক্তব্যের সঙ্গে ব্রিটিশ সরকার একমত। তার অভিযোগ, ‘উগ্রপন্থী বসতি স্থাপনকারীরা’ ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে সরিয়ে দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে ইসরায়েলি সরকার এ বিষয়ে চোখ বন্ধ করে রয়েছে।

মিলিব্যান্ড বলেন, পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিকে ব্রিটিশ সরকারের আনুষ্ঠানিক অবস্থান অনুযায়ী ‘অবৈধ’ হিসেবে বিবেচনা করা হয়। ইসরায়েলের নিয়ন্ত্রণ দীর্ঘস্থায়ী করা, স্থায়ী সার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং অবৈধ বসতি সম্প্রসারণের নীতির কারণেই যুক্তরাজ্য এমন অবস্থান নিয়েছে।

এ ছাড়া যুক্তরাজ্যে পশ্চিম তীরের অবৈধ বসতিগুলোর বিজ্ঞাপন প্রচারও নিষিদ্ধ করার ঘোষণা দেন তিনি। তবে মিলিব্যান্ড স্পষ্ট করেন, নতুন নিষেধাজ্ঞার লক্ষ্য ইসরায়েল নয়; বরং অবৈধ বসতি ও এর সম্প্রসারণ।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি বা সহিংসতাকে সমর্থনের অভিযোগে আরও কয়েকজন ‘উগ্রপন্থী বসতি স্থাপনকারীর’ বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের কথা জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বসতি সম্প্রসারণ ঠেকাতে বিদ্যমান বৈশ্বিক মানবাধিকার নিষেধাজ্ঞা ব্যবস্থার আওতা বাড়ানো হচ্ছে। এর ফলে জেরুজালেমের পূর্বে প্রস্তাবিত ই১ বসতি প্রকল্পের উন্নয়ন ঠেকাতেও দ্রুত পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হবে।