মালয়েশিয়ায় চিকিৎসাকর্মী বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৬
মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সারাওয়াক অঞ্চলে ‘ফ্লাইং ডক্টর’ সেবায় ব্যবহৃত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার স্থানীয় একটি বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে চিকিৎসাকর্মীসহ পাঁচজন ছিলেন। তবে এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর নিশ্চিত হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটিতে একজন পাইলট এবং মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের চার কর্মী ছিলেন। তাদের মধ্যে একজন চিকিৎসা কর্মকর্তা, একজন সহকারী চিকিৎসা কর্মকর্তা এবং দুজন নার্স ছিলেন।
এক বিবৃতিতে মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জুলকেফলি আহমাদ বলেন, এখন পর্যন্ত ক্রু ও যাত্রীদের অবস্থা এবং দুর্ঘটনার কারণ—কোনোটিই নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিনির্বাপক ও চিকিৎসা কর্তৃপক্ষের সমন্বয়ে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে।
‘ফ্লাইং ডক্টর’ সেবার মাধ্যমে সাধারণত প্রত্যন্ত ও দুর্গম এলাকায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া, জরুরি রোগী পরিবহন এবং অন্যান্য ক্লিনিক্যাল সেবা দেওয়া হয়। এ কাজে উড়োজাহাজ বা হেলিকপ্টার ব্যবহার করা হয়।
মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে সারাওয়াকের লং লেলাংয়ের স্বল্পদৈর্ঘ্যের উড্ডয়ন ও অবতরণের বিমানবন্দরের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দেশটির পরিবহন মন্ত্রণালয়ের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো তদন্ত শুরু করেছে।



