স্ত্রীকে মেয়ে-ভাতিজি সাজিয়ে বিয়ে, টাকা-গয়না নিয়ে পালাতেন দম্পতি

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৬

কখনো নিজের মেয়ে, আবার কখনো ভাতিজি পরিচয় দিয়ে স্ত্রীকে পাত্রপক্ষের সামনে হাজির করতেন এক ব্যক্তি। এরপর তার সঙ্গে বিয়ে দেওয়া হতো পাত্রের। বিয়ের কয়েক দিনের মধ্যেই নববিবাহিত স্বামীর টাকা-পয়সা ও গয়না নিয়ে ওই নারী পালিয়ে যেতেন বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী মিলে এভাবে প্রতারণা করে আসছিলেন বলে দাবি পুলিশের।

সম্প্রতি এক নববিবাহিত যুবকের অভিযোগের ভিত্তিতে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গায়।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, এক যুবক অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি নিজেকে তার ‘চাচাশ্বশুর’ এবং ওই নারীকে নিজের ভাতিজি পরিচয় দিয়ে তার সঙ্গে বিয়ে দেন। বিয়ের প্রায় এক মাস পর তিনি জানতে পারেন, যাকে তিনি বিয়ে করেছেন, সেই নারী আসলে ওই ব্যক্তিরই স্ত্রী।

এরপর থানায় গিয়ে ওই দম্পতির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন তিনি। সোমবার বিষয়টি প্রকাশ্যে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পাত্রপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়াই ছিল ওই দম্পতির মূল উদ্দেশ্য। এর আগেও একই পদ্ধতিতে তারা একাধিক বিয়ে সম্পন্ন করেছেন বলে পুলিশের দাবি। তবে ভুক্তভোগীদের কেউ অভিযোগ না করায় এতদিন তারা ধরা পড়েননি বলে ধারণা পুলিশের।

স্থানীয় সূত্র ও পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি এক ঘটকের মাধ্যমে এক যুবতীর সন্ধান পান। ছবি দেখে পাত্রী পছন্দ করার পর প্রায় এক মাস আগে একটি মন্দিরে বিয়ের আয়োজন করা হয়। সেখানে ওই ব্যক্তি নিজেকে কনের চাচা পরিচয় দিয়ে আশীর্বাদ করেন এবং কন্যা সম্প্রদান করেন। পাত্রপক্ষকে তিনি জানান, মেয়েটি তার একমাত্র ভাতিজি।

তবে বিয়ের পর থেকেই নববিবাহিত যুবকের সন্দেহ হয়। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, তার স্ত্রী আগে থেকেই বিবাহিত। আরও চমকপ্রদ তথ্য হলো, বিয়ের সময় যিনি কনের চাচা হিসেবে পরিচয় দিয়েছিলেন, তিনিই ওই নারীর স্বামী। তাদের দুটি মেয়েও রয়েছে।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় পঞ্চায়েত সদস্যরা অভিযুক্ত দম্পতিকে ডেকে পাঠান। সেখানে তারা অভিযোগ অস্বীকার করেন। তবে অভিযোগকারী যুবক তার বক্তব্যে অনড় থাকেন এবং পরে পুলিশের দ্বারস্থ হন।

দেগঙ্গা থানার পুলিশ তদন্ত শুরু করে অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করেছে। পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অভিযুক্তরা স্বীকার করেন যে তারা প্রকৃতপক্ষে স্বামী-স্ত্রী এবং তাদের মধ্যে চাচা-ভাতিজির কোনো সম্পর্ক নেই।

তদন্তে আরও উঠে এসেছে, ওই ব্যক্তি বিভিন্ন সময়ে একই নারীকে কখনো নিজের ভাতিজি, আবার কখনো মেয়ে পরিচয়ে পাত্রপক্ষের সামনে হাজির করতেন। এরপর তার সঙ্গে পাত্রের বিয়ে দেওয়া হতো। বিয়ের কয়েক দিনের মধ্যে নববিবাহিত স্বামীর কাছ থেকে টাকা ও গয়না নিয়ে দুজন পালিয়ে যেতেন বলে অভিযোগ পুলিশের।

সর্বশেষ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ওই দম্পতিকে গ্রেপ্তার করেছে। মামলার তদন্ত এগিয়ে নিতে তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে বারাসত মহকুমা আদালতে হাজির করা হয়েছে।