সাভারে অনুমোদনহীন আবাসন প্রকল্পের সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬
ঢাকার সাভারে কৃষিজমি ও নিচু জমি ভরাট করে অনুমোদন ছাড়াই আবাসন প্রকল্প পরিচালনার অভিযোগে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালী’ আবাসিক প্রকল্পের একটি দুইতলা সাইট অফিস ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ মিটার জব্দ, সাইনবোর্ড ও ড্রেজার পাইপ ভেঙে ফেলা হয়েছে।
আজ ১৭ সেপ্টেম্বর ঢাকা জেলার সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাজউকের নগর পরিকল্পনা শাখার তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
রাজউক জানায়, বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ) চিহ্নিত কৃষিজমি ও জলাশয় ভরাট করে রাজউকের অনুমোদন ছাড়াই আবাসন প্রকল্পের কার্যক্রম পরিচালনার অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় কৃষি ও নিচু জমি বালু দিয়ে ভরাট এবং বিভ্রান্তিকর সাইনবোর্ড টাঙিয়ে সাধারণ মানুষের কাছে জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগে ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালী’ প্রকল্পের ভেতরের দুইতলা সাইট অফিসটি গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে একটি বিদ্যুৎ মিটার জব্দ করা হয়। এ ছাড়া প্রকল্পের বিভিন্ন সাইনবোর্ড ও ড্রেজার পাইপ ভেঙে ফেলা হয়। প্রকল্পটির পাশেই বিধিবহির্ভূতভাবে গড়ে ওঠা ‘লেক আইল্যান্ড’ ও ‘সাউথ ইস্ট হাউজিং’-এর বিলবোর্ডও উচ্ছেদ করা হয়েছে।
রাজউকের পক্ষ থেকে বলা হয়েছে, বেসরকারি আবাসিক ভূমির উন্নয়ন বিধিমালা, রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, পরিবেশ সংরক্ষণ আইন এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন অমান্য করে পরিচালিত আবাসন প্রকল্পের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
একই সঙ্গে অনুমোদনহীন ও অবৈধ আবাসন প্রকল্পে জমি বা প্লট কেনা কিংবা বুকিং দেওয়া থেকে বিরত থাকতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে রাজউক।
অভিযানে রাজউকের উপ-নগর পরিকল্পনাবিদ নবায়ন খীসা ও মো. সাইফুল ইসলাম, সহকারী নগর পরিকল্পনাবিদ তামজিদ বিন রাফি, শুভ সরকার ও শাহীনুর রহমান, তৌকির আহমেদ, সহকারী অথরাইজড অফিসার, চিফ ইনস্পেক্টর, ইনস্পেক্টর, কানুনগো ও সার্ভেয়ারসহ রাজউকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া পল্লী বিদ্যুতের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অভিযানে অংশ নেন।



