‘আরব সাগরের বাইরে পা বাড়ালে শত্রুদের কেবল ক্ষতিই হবে’
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৬
বিদেশি বা শত্রু বাহিনী আরব সাগরের দিকে অগ্রসর হওয়ার দুঃসাহস দেখালে তাদের জন্য তা বিপর্যয় ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। একই সাথে মার্কিন ও মিত্র বাহিনীকে খুব শিগগির আরব সাগর থেকে সম্পূর্ণরূপে সরিয়ে দেওয়ার কথাও বলেছেন তিনি।
ইরান-ইরাক যুদ্ধ স্মরণে আয়োজিত ‘পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ’ এবং ২০২৪ সালে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিশেষ লিখিত বার্তায় এসব কথা বলেন খামেনি। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চলমান লড়াই বন্ধে নতুন করে যুদ্ধবিরতি আলোচনা শুরুর চেষ্টার মধ্যেই তিনি এই মন্তব্য করলেন।
লিখিত বার্তায় খামেনি দাবি করেন, ইরানের দক্ষিণাঞ্চলীয় জলসীমা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানি যোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়ে বিদেশি শত্রু বাহিনী ইতোমধ্যে আরব সাগরের দিকে পিছু হটতে বাধ্য হয়েছে।
তিনি বলেন, যখনই এসব বাহিনী ইরানের জলসীমা অতিক্রমের ঝুঁকি নিয়েছে, তখনই তারা নিজেদের ক্ষতির মুখে পড়েছে। শিগগিরই আরব সাগরও তাদের উপস্থিতি থেকে সম্পূর্ণভাবে মুক্ত করা হবে বলে বার্তায় দাবি করেন তিনি।
এ ছাড়া বার্তায় ইরানকে বিশ্বের ‘চতুর্থ পরাশক্তি’ হিসেবেও উল্লেখ করেন খামেনি।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এই হুঁশিয়ারি এলো।



