ঠাকুরগাঁও-১ আসনে ভোট শেষ, ফলাফলের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এখন চলছে ভোট গণনা।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। ১৮৫টি কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রার্থীরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। দায়িত্বে ছিলেন ২১ প্লাটুন বিজিবি, এসআরবির ২৫১ সদস্য, ২ হাজার ২৭২ জন পুলিশ এবং আনসার বাহিনীর ২ হাজার ৪৬৫ সদস্য। পাশাপাশি দায়িত্ব পালন করেন বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।