অটোরিকশার সর্বোচ্চ গতিসীমা ২৫ কিমি, নিবন্ধন ও নবায়ন ফি কত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও থ্রি-হুইলার চলাচলে নিবন্ধন বাধ্যতামূলক করেছে সরকার। নতুন নীতিমালায় এসব যানবাহনের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ২৫ কিলোমিটার। পাশাপাশি নির্ধারণ করা হয়েছে নিবন্ধন, বার্ষিক নবায়ন ও ফিটনেস সনদের ফি। তবে জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে এবং প্রধান বাস রুটে এসব যান চলাচল করতে পারবে না।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপনের বরাতে এসব তথ্য জানানো হয়। নীতিমালাটি দেশের সব সিটি করপোরেশনের জন্য প্রযোজ্য।

নীতিমালা অনুযায়ী, দুই যাত্রীর ই-রিকশার এককালীন নিবন্ধন ফি আট হাজার টাকা এবং চার যাত্রীর ই-রিকশার জন্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নিবন্ধন নবায়নে বার্ষিক ফি দিতে হবে যথাক্রমে চার হাজার ও পাঁচ হাজার টাকা। এ ছাড়া ফিটনেস সনদের জন্য দিতে হবে এক হাজার টাকা।

প্রতিটি নিবন্ধনের মেয়াদ হবে পাঁচ বছর। নিবন্ধিত ই-রিকশার জন্য ইউনিক কিউআর কোডযুক্ত নিবন্ধন নম্বর, নম্বরপ্লেট এবং গাড়ির বিস্তারিত তথ্যসংবলিত ব্লু বুক দেওয়া হবে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন করা যাবে।

কোথায় চলতে পারবে, কোথায় নয়

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ই-রিকশা জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাসের মূল রুট, বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) করিডর, ফুটপাত এবং এ ধরনের যান চলাচল নিষিদ্ধ—এমন সড়কে চলতে পারবে না।

সরকারের পূর্বানুমোদন নিয়ে এবং ট্রাফিক বিভাগের সঙ্গে পরামর্শ করে সিটি করপোরেশনগুলো নিজ নিজ এলাকায় ই-রিকশার সংখ্যা নির্ধারণ করবে। একই সঙ্গে নির্দিষ্ট রুট, চলাচলের জোন ও গাড়ির রং ঠিক করে দেবে। একটি জোনের জন্য অনুমোদিত ই-রিকশা অন্য জোনে চলতে পারবে না। একইভাবে এক সিটি করপোরেশনে নিবন্ধিত রিকশা অন্য করপোরেশন এলাকায় বাণিজ্যিকভাবে চালানো যাবে না।

গতিসীমা ও যাত্রী বহনের নিয়ম

নতুন নীতিমালায় ই-রিকশার সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। তবে স্কুল, হাসপাতাল, উপাসনালয় ও জনবহুল এলাকায় গতি কমিয়ে ঘণ্টায় ১৫ কিলোমিটারে রাখতে হবে। নকশা অনুযায়ী, চালক ছাড়া এসব রিকশায় দুই বা সর্বোচ্চ চারজন যাত্রী বহন করা যাবে।

ই-রিকশা সড়কের বাম লেনে চলবে। চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার, ভুলভাবে ওভারটেক কিংবা নিয়ম ভেঙে লেন পরিবর্তন করা যাবে না। ৪০ ডেসিবলের বেশি শব্দের হর্ন বাজানোও নিষিদ্ধ। যাত্রীদের হাতব্যাগ ছাড়া অন্য কোনো বাণিজ্যিক পণ্য বহন করা যাবে না।

প্রতিটি রিকশায় গতি পরিমাপের মিটার থাকতে হবে। নিবন্ধনের তারিখ থেকে একটি ই-রিকশার আয়ুষ্কাল হবে ১২ বছর। এরপর এর নিবন্ধন বাতিল হয়ে যাবে।

প্রযুক্তিগত মান ও চার্জিং ব্যবস্থা

সব ই-রিকশাকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত কারিগরি ও নিরাপত্তা মানদণ্ড পূরণ করতে হবে। বর্তমানে চলাচলরত রিকশাগুলো কাঠামোগত পরিবর্তনের পর ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে এবং ট্রাফিক বিভাগের সনদ পেলে অনুমোদন পেতে পারে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিটি করপোরেশন অনুমোদিত নির্দিষ্ট গ্যারেজ বা চার্জিং পয়েন্টেই ই-রিকশার ব্যাটারি চার্জ দিতে হবে।

নতুন নীতিমালার মাধ্যমে ২০২৫ সালের ১৪ ডিসেম্বর জারি করা ই-রিকশাসংক্রান্ত আগের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।