২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের তিনজন নিহত
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬
ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে গাড়ি পার্কিং নিয়ে বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা গেছে, মাত্র ২২ সেকেন্ডের মধ্যে পাঁচ রাউন্ড গুলি ছোড়েন অভিযুক্ত ব্যক্তি। প্রথমে দুই রাউন্ড গুলি করার পর পিস্তলে আবার গুলি ভরে আরও তিনবার গুলি করেন তিনি।
শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তের নাম শুক্লা। ভিডিওতে গুলি ছোড়ার পর তাঁকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘ওরা আমাকে ইট দিয়ে মেরেছে, তাই আমি গুলি করেছি।’
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কাছ থেকে হামলায় ব্যবহৃত পিস্তল ও চারটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকেই তাঁকে আটক করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশের অভিযোগ, গত ২৬ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্ণৌর সাদাতগঞ্জ এলাকায় একটি খালি জায়গায় গাড়ি পার্কিং নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ৩০ বছর বয়সী শুক্লা গুলি চালান।
এতে তিওয়ারি পরিবারের শিবাজি তিওয়ারি (৬২), শিবেন্দ্র তিওয়ারি (৫৫) ও সুয়াশ তিওয়ারি (৩০) গুলিবিদ্ধ হন। তাঁদের কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রমা সেন্টারে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিবেন্দ্র তিওয়ারির স্ত্রী রুচি তিওয়ারির অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় আটজনকে আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে হত্যা ও দাঙ্গার অভিযোগ আনা হয়েছে।
ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে সাদাতগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার আর্য এবং কাশ্মীরি মহল্লা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার চৌরাসিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। লক্ষ্ণৌ পুলিশ জানিয়েছে, ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ কমিশনার তরুণ গৌবা এ ব্যবস্থা নিয়েছেন।



