ভারতে ছয় আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬
ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় যোশীমঠ-বদ্রীনাথ রুটে ছয়জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে হাতি পর্বত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, তুষারপাতের মধ্যে স্থানীয় সময় দুপুর ১টা ১৪ মিনিটে হেলিকপ্টারটি বদ্রীনাথ থেকে উড্ডয়ন করে। পরে যোশীমঠ উপত্যকা অতিক্রমের সময় হেলিকপ্টারটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একই সময়ে ট্র্যাকিং ব্যবস্থায়ও সেটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।
উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেড পরিচালিত ভিটি-এইচসিএক্স কলসাইনের হেলিকপ্টারটি বদ্রীনাথ থেকে দেরাদুনের সহস্রধারার উদ্দেশে যাত্রা করেছিল। এতে পাইলটসহ ছয়জন পুরুষ আরোহী ছিলেন।
তারা হলেন প্রতাপা, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে, এইচএস নটরাজা এবং পাইলট ক্যাপ্টেন হিমাংশু।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রান্স ভারত এভিয়েশনের পুরো বহরের উড্ডয়ন স্থগিত করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, যোশীমঠের কাছে ছায়ী গ্রামসংলগ্ন এলাকায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
দুর্ঘটনার পর জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ হেলিকপ্টারটির সন্ধানে রাজ্যের উদ্ধারকারী দল ও সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।



