পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সোনাপাতিলা বিলের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিলের পাশের নদীর নালায় বড়শি দিয়ে মাছ ধরছিলেন কয়েকজন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত হন আরও দুজন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে পুলিশের একজন উপপরিদর্শককে পাঠানো হয়েছে। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য পরে জানা যাবে।



