মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেলে ইরানে বড় হামলার অনুমতি দিতে পারেন ট্রাম্প

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৬

আগামী সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি খারাপ ফল করলে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর অনুমতি দিতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

আমেরিকান সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে এক কর্মকর্তা বলেছেন, নির্বাচনে খারাপ ফলের কারণে ট্রাম্প বিব্রত বোধ করলে বা নিজেকে ক্ষমতাহীন মনে করলে তিনি বড় কোনো পদক্ষেপ নিতে পারেন। ওই কর্মকর্তা আরও বলেন, ইরানি কর্মকর্তাদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে যে আমেরিকার সঙ্গে সমঝোতায় পৌঁছানোর জন্য এখনই তাদের হাতে সবচেয়ে ভালো সুযোগ রয়েছে।

তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ ধারণা নাকচ করে বলেছেন, ইরানের বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তের ওপর নির্বাচনের ফলাফলের কোনো প্রভাব পড়বে না।

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি আলোচনা আবার শুরু করার চেষ্টা করছেন কাতারের মধ্যস্থতাকারীরা। এ লক্ষ্যে শুক্রবার তাঁরা তেহরানে ১২ ঘণ্টারও বেশি সময় কাটিয়েছেন। এ সময় হোয়াইট হাউসের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখেছেন তাঁরা। একটি কূটনৈতিক সূত্র আলোচনাকে ‘ইতিবাচক অগ্রগতি’ হিসেবে বর্ণনা করেছে।

শনিবার কাতারের রাজধানী দোহায় এ বিষয়ে আলোচনা অব্যাহত থাকার কথা রয়েছে।

এক আমেরিকান কর্মকর্তার মতে, দুই দেশের পরস্পরবিরোধী দাবির কারণে আলোচনা থমকে আছে। আলোচনায় ফিরতে ইরানকে পারমাণবিক কর্মসূচির বিষয়ে ছাড় দেওয়ার শর্ত দিয়েছে আমেরিকা। অন্যদিকে, ইরানের দাবি, আমেরিকাকে আগে নৌ-অবরোধ তুলে নিতে হবে, জব্দ করা অর্থ ফেরত দিতে হবে এবং তেল বিক্রির অনুমতি দিতে হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো জাতিসংঘের পরিদর্শকদের পরিদর্শনের সুযোগ দিতে তেহরানকে অনুরোধ জানাচ্ছে কাতার। এর বিনিময়ে ইরানের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।

এদিকে ইরান বিষয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যেকোনো চুক্তির বিষয়ে সন্দিহান। তাঁরা বরং ইরানের নেতৃত্বকে আরও দুর্বল করার পক্ষে। তবে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইরানের সঙ্গে আলোচনা আবার শুরু করার পক্ষে অবস্থান নিয়েছেন।

বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে ঘিরে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল ইরানে হামলা চালায়। এর জবাবে ইরান ওই অঞ্চলে পাল্টা পদক্ষেপ নেয়।

এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়। জুন মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারকও সই হয়। তবে নিরাপত্তাব্যবস্থা এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা এখনো কাটেনি।