মণিপুরে নতুন করে জাতিগত সংঘাত, নিহত ৫
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৬
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে উত্তেজনার মধ্যে নতুন করে জাতিগত সহিংসতায় পাঁচজন নিহত হয়েছেন।
দুটি পৃথক ঘটনায় তাঁদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাজ্যের নোনে জেলায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিদের মধ্যে গোলাগুলির ঘটনায় কুকি সম্প্রদায়ের তিনজন নিহত হন।
এ ছাড়া চলতি সপ্তাহের শুরুতে নিখোঁজ হওয়া একই সম্প্রদায়ের আরও দুই ব্যক্তির মরদেহ রবিবার সকালে কাংপোকপি জেলা থেকে উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযানের সময় মরদেহ দুটি পাওয়া যায় বলে পুলিশের আরেকটি বিবৃতিতে জানানো হয়েছে।
কুকি সম্প্রদায়ের একটি শীর্ষ সংগঠন এ হত্যাকাণ্ডের জন্য নাগা বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে দায়ী করেছে। সংগঠনটির ভাষায়, নিজ ভূমিতে কুকিদের ওপর এটি ছিল সরাসরি ও বিনা উসকানিতে চালানো হামলা।



