নাইজেরিয়ায় পুলিশের গাড়িতে বন্দুকধারীদের হামলা, নিহত ৫ কর্মকর্তা

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৬

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে পুলিশের একটি গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে পাঁচ কর্মকর্তাকে হত্যা করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সোকোতো অঙ্গরাজ্য থেকে পার্শ্ববর্তী জামফারা অঙ্গরাজ্যে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, সোকোতো-গুসাউ মহাসড়কে একটি গণপরিবহন বাসে করে জামফারা যাচ্ছিলেন ওই পুলিশ কর্মকর্তারা। এ সময় বন্দুকধারীরা তাঁদের গাড়ির গতিরোধ করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হন।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের মুখপাত্র আবদুল্লাহি ফারুক। তিনি জানান, নিহত পাঁচ কর্মকর্তার মরদেহ সোকোতোর উসমানু দানফোদিয়ো বিশ্ববিদ্যালয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, বিশেষ দায়িত্ব পালনের জন্য ওই পুলিশ কর্মকর্তাদের জামফারা অঙ্গরাজ্যে পাঠানো হয়েছিল। কাউরা নামোদা স্থানীয় সরকার এলাকায় অল প্রগ্রেসিভস কংগ্রেসের (এপিসি) জামফারা নর্থ সিনেটরীয় আসনের প্রাথমিক নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ছিল তাঁদের।

এ হামলার মধ্য দিয়ে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের নিরাপত্তাহীনতার চিত্র আবারও সামনে এসেছে। ওই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায়ই যাত্রীবাহী যানবাহনে হামলা চালায়, গ্রামাঞ্চলে আক্রমণ করে এবং মুক্তিপণের দাবিতে স্থানীয় বাসিন্দাদের অপহরণ করে।

সামরিক বাহিনী ও পুলিশের ধারাবাহিক অভিযান সত্ত্বেও জামফারা, সোকোতো, কাতসিনা, কাদুনা ও কেব্বি অঙ্গরাজ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা অব্যাহত রয়েছে।