বাণিজ্য বন্ধের সাত বছরে পাকিস্তানের ক্ষতি ৪০ বিলিয়ন ডলার

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৬

ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ থাকায় পাকিস্তানের প্রায় ৪০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দেশটির একটি ব্যবসায়ী সংগঠনের প্রধান। ২০১৯ সালে পুলওয়ামা সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে বাণিজ্য বন্ধ হয়ে যায়। এরপর থেকে এ ক্ষতির মুখে পড়েছে পাকিস্তান।

সোমবার পাক-ভারত বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান নূর মুহাম্মদ কাসুরি এ তথ্য জানান। একই সঙ্গে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও বাণিজ্যিক সম্পর্ক চালুর আহ্বান জানান তিনি। কাসুরির মতে, দুই দেশের মধ্যে বাণিজ্য পুনরায় শুরু হলে উভয় দেশের ব্যবসায়ীরা লাভবান হবেন। পাশাপাশি বিনিয়োগ, পর্যটন ও আঞ্চলিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।

এক বিবৃতিতে কাসুরি বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ থাকায় পাকিস্তানের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কাঁচামাল ও অন্যান্য পণ্য দূরবর্তী দেশ থেকে আমদানি করতে হচ্ছে। এতে পরিবহন ও আমদানি ব্যয় বেড়েছে। পণ্য পৌঁছাতেও আগের তুলনায় বেশি সময় লাগছে।

তিনি জানান, পাকিস্তানের ওষুধশিল্প ভারতের সহজলভ্য কাঁচামালের ওপর অনেকটাই নির্ভরশীল। ভারত থেকে এসব কাঁচামাল আমদানি করতে পারলে বছরে ২ থেকে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় করা সম্ভব হতো।

দেশে তুলার উৎপাদন কমে যাওয়ায় পাকিস্তানের বস্ত্রশিল্পও বাড়তি ব্যয়ের মুখে পড়েছে। বর্তমানে বস্ত্রকলগুলোকে ব্রাজিল, মিসর, চীন ও আমেরিকা থেকে তুলা আমদানি করতে হচ্ছে। এতে প্রায় ৫ বিলিয়ন ডলারের অতিরিক্ত ব্যয় হয়েছে বলে জানান কাসুরি।

তিনি আরও বলেন, ভারত এসব পণ্য উৎপাদনে সক্ষম হলেও পাকিস্তানকে চিনি, সার, সিমেন্ট, পেট্রোলিয়ামজাত পণ্য, লোহা ও ইস্পাত, শাকসবজি এবং ভারী যন্ত্রপাতির মতো পণ্য দূরবর্তী দেশ থেকে আমদানি করতে হচ্ছে। ভারত-পাকিস্তান বাণিজ্য আবার শুরু হলে পরিবহন ব্যয় কমার পাশাপাশি দ্রুত ও সময়মতো পণ্য সরবরাহ সম্ভব হবে। বিশেষ করে ভারতের তেল শোধনাগারগুলো পাকিস্তানের কাছাকাছি হওয়ায় সেখান থেকে পেট্রোলিয়ামজাত পণ্য আমদানি করলে সময় ও অর্থ সাশ্রয় হবে।

কাসুরির মতে, ভারতের কৃষি ও শিল্পপণ্য সহজে পাওয়া গেলে পাকিস্তানের ব্যবসায়ীদের উৎপাদন খরচ কমবে। এতে দেশটির বিভিন্ন শিল্প খাত উপকৃত হতে পারে।

পাকিস্তানে তুলা চাষের জমি কমে যাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ঐতিহ্যগতভাবে তুলা উৎপাদন হতো এমন এলাকার কৃষকেরা এখন আখ চাষের দিকে ঝুঁকছেন। এতে বস্ত্রশিল্পের পাশাপাশি সামগ্রিক অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তুলার উৎপাদন বাড়াতে উন্নত কৃষিনীতি গ্রহণের আহ্বান জানান তিনি।

বাণিজ্য পুনরায় চালুর পক্ষে যুক্তি তুলে ধরে কাসুরি বলেন, পাকিস্তান আরও বেশি ভারতীয় পর্যটক আকৃষ্ট করতে পারে। বিশেষ করে দেশটির ধর্মীয় ও ঐতিহাসিক স্থান এবং নিজেদের পূর্বপুরুষের ভিটেমাটি ও গ্রাম দেখতে আগ্রহীদের জন্য পাকিস্তান আকর্ষণীয় গন্তব্য হতে পারে।

আঞ্চলিক সহযোগিতার উদাহরণ হিসেবে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সময় ভারতের দেওয়া আর্থিক সহায়তার কথা উল্লেখ করেন তিনি। তাঁর মতে, রাজনৈতিক মতপার্থক্যের কারণে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার সুযোগ নষ্ট করা উচিত নয়। অমীমাংসিত বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। পাকিস্তান ও ভারতের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও পারিবারিক বন্ধন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই বন্ধন দুই দেশের সম্পর্ক উন্নয়নের ভিত্তি হতে পারে।