মজুরি বৃদ্ধির আন্দোলনে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৬

পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে চলমান আন্দোলনে রাজনৈতিক দলের নেতাকর্মী ও কিছু ব্যবসায়ীর ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে। সরকারের গোয়েন্দা সংস্থার প্রতিবেদন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং পোশাকশিল্প মালিক ও শ্রমিক নেতাদের মন্তব্যে আন্দোলনে তৃতীয় পক্ষের সম্পৃক্ততার বিষয়টি সামনে এসেছে। তবে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে যৌক্তিক বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

গার্মেন্টস শ্রমিকদের বর্তমান মজুরিতে সংসার চালানো কঠিন। উচ্চ পণ্যমূল্যের বাজারে তাঁদের জীবনযাপনও কষ্টকর। এ পরিস্থিতিতে মজুরি বাড়ানোর দাবি যৌক্তিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারও শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে নতুন মজুরি বোর্ড গঠন করেছে। তবে শ্রমিকদের একাংশ আরও বেশি মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

অতীতেও মজুরি বৃদ্ধির প্রতিবারই এ ধরনের আন্দোলন হয়েছে। তবে এবারের আন্দোলনে রাজনৈতিক দলের নেতাকর্মী ও কিছু ব্যবসায়ীর ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা এবং আওয়ামী লীগপন্থী ব্যবসায়ীদের সম্পৃক্ততার কথা উঠে এসেছে সরকারের গোয়েন্দা প্রতিবেদনে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও জানিয়েছেন, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন ও অস্থিরতার পেছনে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের ইন্ধন রয়েছে। এ কাজে কিছু শিল্প মালিকও জড়িত বলে সরকারের কাছে তথ্য ও প্রমাণ রয়েছে বলে জানান তিনি।

সোমবার সচিবালয়ে পোশাকশিল্প মালিকদের দুটি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠনের আলোচনা চলার মধ্যেই পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে মনে করছে সরকার। এ ঘটনায় জড়িত শিল্প মালিক, শ্রমিক সংগঠন ও নেতাদের চিহ্নিত করা হয়েছে।

উদ্দেশ্যপ্রণোদিতভাবে যেসব শিল্প মালিক কারখানা বন্ধ রেখেছেন, তাঁদের তালিকা মালিকপক্ষের কাছে চাওয়া হয়েছে। একই সঙ্গে অস্থিরতা সৃষ্টিতে জড়িত সন্দেহভাজন শ্রমিক সংগঠন ও নেতাদের নামের তালিকাও চেয়েছে সরকার।

গোয়েন্দা প্রতিবেদনে যেসব প্রতিষ্ঠানের নাম

সরকারের একটি গোয়েন্দা প্রতিবেদনে আওয়ামী লীগের সাবেক কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগপন্থী ব্যবসায়ীদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নাম এসেছে বলে জানা গেছে। সময়ের আলোর হাতে আসা ওই প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সেপাল গ্রুপ, সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর এনভয় গ্রুপ, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রেনেসাঁ গ্রুপের ইন্টারস্টফ অ্যাপারেল, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর হামিদ গ্রুপের হামিদ সোয়েটার্স লিমিটেড এবং সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের ফেবিয়ান গ্রুপের ফেবিয়ান গার্মেন্টস লিমিটেডের নাম রয়েছে।

এ ছাড়া তুসুকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুর রহমান বাদল, ওয়েল গ্রুপের আব্দুস সালাম, নিপা গ্রুপের চেয়ারম্যান মো. খসরু চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও অ্যাক্সিস নিটওয়্যার্স লিমিটেডের মালিক জাহিদ আহমেদ টুলু এবং গিভেন্সি গ্রুপের মাসুমা খাতুন লিপার প্রতিষ্ঠানের নামও ওই তালিকায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, তালিকাভুক্ত কয়েকজন প্রতিষ্ঠানের মালিক পলাতক, আবার কেউ কারাগারে রয়েছেন। পলাতক ব্যক্তিরা ফোনে নির্দেশনা দিচ্ছেন এবং কারাগারে থাকা ব্যক্তিদের প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উসকানি দিচ্ছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।

ছবি-ভিডিওতে নিষিদ্ধ দলের নেতাকর্মী থাকার দাবি

শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় অস্থিরতা সৃষ্টিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে দলটির নেতাকর্মীদের দেখা গেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, শ্রমিক আন্দোলনকে আড়াল হিসেবে ব্যবহার করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরাও তৎপর হয়েছেন। এ ঘটনায় কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীকে আটকের খবরও পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজিবুল ইসলাম নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আন্দোলনসংক্রান্ত একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেছেন। গত রোববার দুপুরে দেওয়া একটি পোস্টে তিনি শ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আন্দোলন চলার কথা উল্লেখ করেন। এর আগে আন্দোলন ও আগুন জ্বালানোর ভিডিওও প্রকাশ করেন তিনি।

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান

বিজিএমইএ নেতা ও শ্রমিক নেতাদের ভাষ্য, শুরুতে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু হলেও পরে এতে তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে। অনেক ক্ষেত্রে শ্রমিকদের জোর করে রাস্তায় নামানো হচ্ছে বলেও অভিযোগ তাঁদের। শ্রমিকদের ন্যায্য দাবিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার ঠেকাতে আন্দোলন ছেড়ে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান বলেন, দিনভর স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ে বৈঠকে তাঁরা জানিয়েছেন, শ্রমিকদের ন্যায্য আন্দোলন একটি পক্ষ ছিনতাই করেছে। সহিংস আন্দোলনের সঙ্গে প্রকৃত শ্রমিকেরা জড়িত নন বলেও দাবি করেন তিনি। শ্রমিকদের কারও উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে কাজে ফেরার আহ্বান জানান তিনি।

বিজিএমইএর পরিচালক ও নতুন মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি এবিএম সামছুদ্দিন বলেন, কোনো কারখানার মালিক আন্দোলনে ইন্ধন দিচ্ছেন কি না, তা তাঁদের জানা নেই। এ বিষয়ে সরকার ও গোয়েন্দা সংস্থাগুলো ভালো বলতে পারবে। তবে কোনো মালিকের ইন্ধনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কারখানাকে বিজিএমইএর পক্ষ থেকে সব ধরনের সেবা দেওয়া বন্ধ করে দেওয়া হবে।

নতুন মজুরি বোর্ডের প্রথম বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, হাইকোর্ট থেকে বোর্ডের চেয়ারম্যানের নাম চূড়ান্ত হওয়ার পর দ্রুত বৈঠকে বসা হবে। কয়েক দফা বৈঠকের পর সব পক্ষের মতামতের ভিত্তিতে চলতি নভেম্বরের মধ্যেই মজুরি কাঠামো চূড়ান্ত করার প্রত্যাশা তাঁদের।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, সরকারের পক্ষ থেকে কয়েকটি কারখানার মালিকের ইন্ধনের কথা বলা হলেও তাঁদের হাতে এখনো কোনো তালিকা আসেনি। শিল্পকারখানায় আন্দোলন, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তাঁরা উদ্বিগ্ন। সহিংসতার কারণে সোমবার শিল্পাঞ্চলের ৬৭৯টি গার্মেন্টস কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছেন বলেও জানান তিনি।

মজুরি বোর্ডের আশ্বাস, শ্রমিকদের আটক নিয়ে উদ্বেগ

প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, শ্রমিক আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ রাজনৈতিক দলের অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা সফল হবে না।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, গার্মেন্টস শিল্পের সঙ্গে লাখ লাখ শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী, সরবরাহব্যবস্থা এবং দেশের সামগ্রিক অর্থনীতি জড়িত। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পের সক্ষমতা, উৎপাদন ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে। এ লক্ষ্যেই মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

অন্যদিকে, নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন। সোমবার শ্রম ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এমনভাবে কাজ করা হবে, যাতে আগামী জানুয়ারি থেকে শ্রমিকেরা বাড়তি মজুরি হাতে পান।

চলমান মজুরি আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আটক শ্রমিক ও শ্রমিক নেতাদের মুক্তিরও দাবি জানান তিনি। তাঁর আহ্বান, যাঁরা শুধু ন্যায্য মজুরির দাবি উত্থাপন বা শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়ার কারণে আটক হয়েছেন, তাঁদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং হয়রানিমূলক মামলা ও ব্যবস্থা প্রত্যাহার করতে হবে।

শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭৯ কারখানা

শ্রমিক অসন্তোষ ও কাজ বন্ধ করে শ্রমিকদের বেরিয়ে যাওয়ার ঘটনায় রাজধানীর মিরপুর, গাজীপুর-ময়মনসিংহ এবং সাভার-আশুলিয়া-জিরানী অঞ্চলের ৬৭৯টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে বিজিএমইএ। এতে কাজ না করেই কারখানা থেকে বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন ১৬ লাখ ৮০ হাজার ৫৭২ জন শ্রমিক।

সোমবার বেলা সাড়ে ১১টার হিসাব অনুযায়ী, দেশের পাঁচটি শিল্পাঞ্চলের মোট ২ হাজার ১৩৪টি কারখানার মধ্যে ১ হাজার ৪৬৪টি চালু ছিল। গাজীপুর ও ময়মনসিংহে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। এ দুই অঞ্চলের ৮৩৬টি কারখানার মধ্যে ৩৮২টির শ্রমিকেরা কাজ বন্ধ করে বেরিয়ে যান। ফলে ৮ লাখ ৮৩ হাজার ৪৭২ জন শ্রমিক কাজ না করেই বাড়ি ফিরে যান।

সাভার-আশুলিয়া ও জিরানী এলাকায় ৪৪১টি কারখানার মধ্যে ২২৩টিতে কাজ বন্ধ ছিল। এসব কারখানার ৭ লাখ ৪৩ হাজার ৬৫০ জন শ্রমিক কাজ না করে ফিরে যান। অন্যদিকে, রাজধানীর মিরপুরে ৩২০টি কারখানার মধ্যে ৬৫টির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে ৫৩ হাজার ৪৫০ জন শ্রমিক কাজ না পেয়ে বাড়ি ফেরেন।

তবে নারায়ণগঞ্জের ১৯৭টি এবং চট্টগ্রামের ৩১৪টি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েনি। এসব এলাকার সব কারখানা স্বাভাবিকভাবে চালু ছিল।