নেতানিয়াহুকে সরাতে একজোট বিরোধীরা, সরকার গঠনে আলোচনা শুরু

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৬

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরাতে একজোট হয়েছেন বিরোধী চারটি ইহুদি দলের নেতারা। মঙ্গলবার (৩ নভেম্বর) বৈঠক শেষে তাঁরা দ্রুত জোট গঠনের আলোচনা শুরু এবং নতুন নেসেটের (পার্লামেন্ট) শপথ গ্রহণের আগে সংসদীয় কৌশল সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

বৈঠকে অংশ নেন ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট, বি’ইয়াহাদের চেয়ারম্যান নাফতালি বেনেট, ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান এবং ইসরায়েল বেইতেনু পার্টির প্রধান অ্যাভিগদার লিবারম্যান। এক যৌথ বিবৃতিতে তাঁরা নেতানিয়াহুর সরকারকে সরিয়ে জাতীয় জরুরি সরকার গঠনের অঙ্গীকার করেন।

বিরোধী নেতারা ইয়াশার নেতা গাদি আইজেনকটের প্রস্তাবিত চারটি নীতির ভিত্তিতে কাজ করার বিষয়ে একমত হয়েছেন। নীতিগুলোর মধ্যে রয়েছে—ইসরায়েলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, দেশটির স্বাধীনতার ঘোষণার মূল্যবোধের প্রতি অঙ্গীকার, সবার জন্য বাধ্যতামূলক সামরিক সেবা নিশ্চিত করা এবং হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস ও গাজায় তাদের শাসনের অবসান ঘটানো।

যৌথ বিবৃতিতে বলা হয়, নেতারা ঐক্যবদ্ধভাবে দ্রুত পদক্ষেপ নিয়ে নেতানিয়াহুর সরকারকে সরিয়ে জাতীয় জরুরি সরকার গঠন করতে চান। এ জন্য নেসেটে তাঁদের সংসদীয় সমর্থন কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে।

সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ

গত সপ্তাহের নির্বাচনে নেতানিয়াহুর জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তাঁর জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, বিরোধী চারটি ইহুদি দল পেয়েছে ৪৮টি আসন। আরব দলগুলো সম্মিলিতভাবে পেয়েছে ১৯টি আসন।

ইসরায়েলের ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। ফলে বিরোধী দলগুলোকে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হলে আরব দলগুলোর সমর্থন প্রয়োজন। তবে বিরোধী ইহুদি দলগুলোর কয়েকটির নেতা আগেই আরব দলগুলোকে জোটের অংশীদার হিসেবে গ্রহণ না করার অবস্থান জানিয়েছেন। ফলে নতুন সরকার গঠনের পথ এখনো অনিশ্চিত।

বিরোধী নেতারা ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে সরকার গঠনের প্রথম দায়িত্ব বা ম্যান্ডেট গাদি আইজেনকটকে দেওয়ার পক্ষে তাঁদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। পাশাপাশি জোটের চুক্তি ও নীতিগত রূপরেখা তৈরির কাজ অবিলম্বে শুরুর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

নির্বাচন কমিশন নিয়ে নেতানিয়াহুর প্রচারের সমালোচনা

নির্বাচনের ফলাফল এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বৈধতা নিয়ে নেতানিয়াহু ও তাঁর দল লিকুদের প্রচারের সমালোচনা করেছেন বিরোধী নেতারা। তাঁদের ভাষায়, এ ধরনের প্রচার বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন। তাঁরা গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষার অঙ্গীকারও করেছেন।

এদিকে, নেসেটের স্পিকার পদে কাকে সমর্থন দেওয়া হবে, সে বিষয়ে বিরোধী দলগুলো এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। হিব্রু সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এ পদে বি’ইয়াহাদের জ্যেষ্ঠ নেতা ইয়ার লাপিদকে সমর্থন দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। আগামী সোমবারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

তবে বিরোধী দলগুলোর মধ্যে সমঝোতা হলেও আরব দলগুলোর সমর্থন নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনই নতুন সরকার গঠনের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হয়ে থাকছে।

তথ্যসূত্র: টাইমস অব ইসরায়েল, প্রথম আলো