রিপাবলিকান দুর্গে ডেমোক্র্যাটদের হানা, বদলে গেল মার্কিন রাজনীতির সমীকরণ
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৬
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির দীর্ঘদিনের শক্ত ঘাঁটিগুলোতে বড় ধরনের ধাক্কা দিয়েছে ডেমোক্রেটিক পার্টি। প্রতিনিধি পরিষদের পাশাপাশি সিনেটের নিয়ন্ত্রণও চলে গেছে ডেমোক্র্যাটদের হাতে। টেক্সাস, কানসাস ও সাউথ ক্যারোলাইনার মতো রিপাবলিকান-প্রধান অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থীদের জয় মার্কিন রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।
বিবিসির বিশ্লেষণ অনুযায়ী, এবারের নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা কাজ করেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত টেক্সাসের ফলাফল। দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের আধিপত্য থাকা অঙ্গরাজ্যটিতে সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো। তিনি রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে পরাজিত করেন।
একই অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনেও জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসা। তিনি বিদায়ী রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে পরাজিত করেছেন। প্রায় তিন দশক পর টেক্সাসে গভর্নর পদে ডেমোক্র্যাটদের এই প্রত্যাবর্তন নির্বাচনের অন্যতম বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
কানসাসেও দীর্ঘদিনের রাজনৈতিক ধারায় পরিবর্তন এসেছে। প্রায় ৯৪ বছর পর অঙ্গরাজ্যটি থেকে সিনেটর নির্বাচিত হয়েছেন একজন ডেমোক্র্যাট। দলটির প্রার্থী অ্যাডাম হ্যামিলটন রিপাবলিকান সিনেটর রজার মার্শালকে পরাজিত করেছেন।
সাউথ ক্যারোলাইনাতেও বড় চমক দেখিয়েছে ডেমোক্র্যাটরা। রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত অঙ্গরাজ্যটিতে ডেমোক্র্যাট প্রার্থী অ্যানি অ্যান্ড্রুজ পরাজিত করেছেন রিপাবলিকান প্রার্থী ডারলাইন গ্রাহামকে। এ ছাড়া মেইন, আইওয়া ও ওহাইওসহ বিভিন্ন অঙ্গরাজ্যে জয় ডেমোক্র্যাটদের সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
নির্বাচনের ফলাফলকে ট্রাম্প প্রশাসনের প্রতি জনগণের অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকদের কেউ কেউ। বিবিসির উত্তর আমেরিকাবিষয়ক সম্পাদক সারা স্মিথের ভাষায়, এটি শুধু বিরোধী দলের নির্বাচনী সাফল্য নয়, বরং মার্কিন রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত।
অন্যদিকে, নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিরোধী দলের জয়কে স্বীকৃতি দেন।
তবে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারানোর ফলে ট্রাম্প প্রশাসনের সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার সুবাদে ডেমোক্র্যাটরা প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের ওপর তদন্ত ও নজরদারি বাড়াতে পারবেন। একই সঙ্গে সরকারি ব্যয়, বাজেট ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত নিয়েও প্রশাসনের ওপর চাপ তৈরির সুযোগ পাবেন।
এমনকি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর উদ্যোগও নিতে পারেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। ফলে মধ্যবর্তী নির্বাচনের এই ফল আগামী দুই বছর মার্কিন রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।



