শিক্ষা ও প্রযুক্তিতে চীন-বাংলাদেশ বন্ধুত্ব জোরদার হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬

জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেছেন, দুই দেশের বন্ধুত্ব শুধু কূটনৈতিক সম্পর্ক বা চুক্তির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে শিক্ষার প্রতিটি স্তরে এই সহযোগিতার সুফল পৌঁছে দেওয়া হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর মাতুয়াইলে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে স্মার্ট ক্লাসরুম ও চীনা ভাষা শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের যে ভিত্তি স্থাপন করেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সম্পর্ককে আরও শক্তিশালী করেছেন। এখন এই বন্ধুত্ব তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে, যাতে সাধারণ পরিবারের শিক্ষার্থীরাও আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক ভাষা শেখার সুযোগ পায়।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের কাছে স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার শিক্ষা এবং চীনা ভাষা শেখার সুযোগ পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ কারণেই অভিজাত এলাকার পরিবর্তে সাধারণ মানুষের এলাকায় এই কার্যক্রম শুরু করা হয়েছে।

শিক্ষাক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি জানান, শিক্ষা খাতে বাজেট বাড়ানোর পাশাপাশি চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম এবং পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে কারিগরি শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিং বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে চীনের প্রতি ভালোবাসা ও আগ্রহ দেখে তিনি আনন্দিত। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও এগিয়ে নিতে শিক্ষা সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত ১৩টি গুরুত্বপূর্ণ চুক্তির মধ্যে শিক্ষা সহযোগিতাও রয়েছে। এর অংশ হিসেবে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের কম্পিউটার দিয়ে সজ্জিত দুটি স্মার্ট ক্লাসরুম স্থাপন করা হয়েছে।

লিউ হাইশিং আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব আরও গভীর করতে সহায়তা করবে।