এআই যেন বেকারত্বের সংকট না বাড়ায়: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের ফলে দেশে বেকারত্বের সংকট আরও বাড়তে পারে কি না, তা গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের বিশাল জনগোষ্ঠীর একটি বড় অংশ যখন শিক্ষিত বেকার, তখন এআই যেন নতুন করে বেকারত্বের কারণ না হয়ে দাঁড়ায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, বাংলাদেশকে শুধু এআই প্রযুক্তির ব্যবহারকারী হিসেবে নয়, বরং এ প্রযুক্তির প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশ হিসেবে গড়ে তুলতে হবে। প্রযুক্তিগত পরিবর্তনের নিষ্ক্রিয় অংশীদার না হয়ে সক্রিয় অংশীদার হওয়াই হওয়া উচিত বাংলাদেশের লক্ষ্য।

রাষ্ট্রপতি বলেন, আগামী দশকে কৃত্রিম বুদ্ধিমত্তা দেশের কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিল্প, বাণিজ্য, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। উৎপাদনশীলতা বৃদ্ধি, শিল্পের আধুনিকায়ন, রপ্তানি সম্প্রসারণ, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং তরুণদের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থান তৈরিতে এআইকে কৌশলগতভাবে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তরুণ জনগোষ্ঠী। তাদের প্রযুক্তিতে দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পারলে চতুর্থ শিল্পবিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে তারা।

ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এআইকে শুধু ব্যয় কমানোর হাতিয়ার হিসেবে দেখলে হবে না। নতুন পণ্য ও সেবা তৈরি, নতুন বাজারে প্রবেশ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও এ প্রযুক্তিকে কাজে লাগাতে হবে।

রাষ্ট্রপতি জানান, সরকার ইতোমধ্যে মূল্যবোধকেন্দ্রিক জাতীয় এআই নীতিমালা তৈরির কাজ শুরু করেছে। এতে নৈতিকতা, মানবাধিকার, ঝুঁকিভিত্তিক নিয়ন্ত্রণ এবং দায়িত্বশীল ব্যবহারের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি বাংলা ভাষাভিত্তিক জাতীয় এআই সক্ষমতা গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে।

তবে এআইয়ের সম্ভাবনার পাশাপাশি ঝুঁকির বিষয়েও সতর্ক করেন তিনি। রাষ্ট্রপতি বলেন, এ প্রযুক্তি যেন মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, তা নিশ্চিত করতে হবে। এআইয়ের নিরাপদ ব্যবহার ও কার্যকর নিয়ন্ত্রণ জরুরি। প্রযুক্তি গ্রহণের আগে দেশের জন্য এর উপযোগিতা ও টেকসই হওয়ার বিষয়টিও বিবেচনা করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। মূল বক্তব্য দেন যুক্তরাজ্যভিত্তিক রেডিনেস অ্যান্ড ইন্টেলিজেন্ট সিস্টেমস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক অধ্যাপক আলমগীর হোসেন।