আমেরিকার মধ্যবর্তী নির্বাচন ঘিরে ইউক্রেনের নতুন প্রত্যাশা
ডেল্টা আর্ন্তজাতিক
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্য ইউক্রেনের জন্য আরও সামরিক ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে পারে বলে আশা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে আমেরিকা ও ইউরোপের সম্পর্ক পুনর্গঠনেরও প্রত্যাশা করছেন তিনি।
জার্মানির টেলিভিশন চ্যানেল জেডডিএফকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী বছর কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে যে পরিবর্তন আসবে, তা ইউক্রেনের জন্য ইতিবাচক হতে পারে।
জেলেনস্কি বলেন, রিপাবলিকানদের প্রতিও তিনি কৃতজ্ঞ। তবে ইউক্রেনকে সমর্থন ও সহায়তা দেওয়ার বিষয়ে ডেমোক্র্যাটরা স্পষ্ট অবস্থান প্রকাশ করেছেন।
তিনি আরও বলেন, আমেরিকা ও ইউরোপের সম্পর্ক পুনর্গঠনের কথাও বলছেন ডেমোক্র্যাট নেতারা। ফলে দেশটির রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে এবং ইউক্রেন আরও বেশি সহায়তা পাবে বলে আশা করছেন তিনি।
জেলেনস্কির মতে, আমেরিকার কাছ থেকে বাড়তি সহায়তা পেলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপরও তার প্রভাব পড়তে পারে।
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের জন্য ওয়াশিংটনের সমর্থন কতটা গুরুত্বপূর্ণ, জেলেনস্কির বক্তব্যে আবারও তা উঠে এসেছে।



