মূল লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালালে শাস্তি, বিআরটিএর নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৬

মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া সড়কে মোটরসাইকেলসহ কোনো মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শিক্ষানবিশ বা লার্নার লাইসেন্সধারীদের জন্যও দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা।

শুক্রবার (৬ নভেম্বর) বিআরটিএর ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এসব নির্দেশনা জানানো হয়।

বিআরটিএ জানিয়েছে, শিক্ষানবিশ লাইসেন্সধারীরা কেবল বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণের সময় মোটরযান চালাতে পারবেন। এ সময় গাড়ির দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ চিহ্ন রাখতে হবে।

মোটরযান অধ্যাদেশ অনুযায়ী, শিক্ষানবিশ চালক রাস্তায় গাড়ি নিয়ে বের হলে গাড়ির সামনে ও পেছনে দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ (Learner) চিহ্ন লিখে রাখতে হবে অথবা এ চিহ্নসংবলিত বোর্ড ঝুলিয়ে রাখতে হবে।

এ চিহ্নের মাধ্যমে অন্য চালকেরা বুঝতে পারবেন, গাড়িটি একজন শিক্ষানবিশ চালাচ্ছেন। ফলে তাঁরা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে চলাচল করতে পারবেন।