উত্তরার অলিগলি ও দোকানে চীনা নাগরিকদের ভিডিও, উদ্দেশ্য কী?

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৬

ঢাকার উত্তরার বিভিন্ন সেক্টরের অলিগলি, আবাসিক এলাকা ও ছোট দোকানে ঘুরে ঘুরে ভিডিও ধারণ করছেন একদল চীনা নাগরিক। কখনো পেঁয়াজ, আলু, কাঁচা মরিচ ও চালের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের ভিডিও করছেন, আবার কখনো ধারণ করছেন আশপাশের পরিবেশ। তাঁদের এমন কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে কৌতূহল এবং অস্বস্তি তৈরি হয়েছে।

গত তিন থেকে চার মাস ধরে উত্তরার বিভিন্ন এলাকায় তাঁদের এ ধরনের কর্মকাণ্ড চোখে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় মুদি দোকানিদের অভিযোগ, চীনা নাগরিকেরা দোকানে এসে বিভিন্ন পণ্য দেখেন এবং সেগুলোর ভিডিও ধারণ করেন। তবে কিছু কেনাকাটা করেন না। একজন দোকানি বলেন, তাঁরা এসে পেঁয়াজ, আলু, কাঁচা মরিচ ও চাল দেখেন, মোবাইল ফোনে ভিডিও করেন। এভাবে বারবার আসায় ব্যবসায়ীরা বিরক্ত হচ্ছেন।

বিষয়টি নিয়ে জানতে কয়েকজন চীনা নাগরিকের সঙ্গে কথা বলার চেষ্টা করেন কালের কণ্ঠের প্রতিনিধি। ভাষাগত সমস্যার কারণে মোবাইল ফোনের অনুবাদ অ্যাপ ব্যবহার করে তাঁদের কাছে ভিডিও ধারণের উদ্দেশ্য জানতে চাওয়া হয়।

এক চীনা নাগরিক জানান, এসব ভিডিও মূলত চীনা দর্শকদের জন্য তৈরি করা হয়। চীনা পণ্যের প্রচারও এসব ভিডিও তৈরির একটি উদ্দেশ্য বলে জানান তিনি।

আরও কয়েকজন চীনা নাগরিক অনুবাদ অ্যাপের মাধ্যমে জানান, এসব ভিডিও উইচ্যাট, টিকটকসহ চীনভিত্তিক বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়। এসব ভিডিও থেকে তাঁরা আয় করেন বলেও জানান।

তাঁদের ভাষ্য, ঢাকার নিম্নআয়ের মানুষ বসবাস করেন—এমন এলাকাগুলোর প্রতি তাঁদের আগ্রহ বেশি। এ কারণেই উত্তরার কয়েকটি এলাকা বেছে নিয়েছেন তাঁরা।

এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, উত্তরার টেকপাড়া এলাকায় বর্তমানে উল্লেখযোগ্যসংখ্যক চীনা নাগরিক বসবাস করছেন। আগে তাঁদের সংখ্যা কম থাকলেও সাম্প্রতিক সময়ে বেড়েছে।

কয়েকজন বাসিন্দার অভিযোগ, তাঁদের কর্মকাণ্ড নিয়ে কেউ আপত্তি জানালে একাধিক চীনা নাগরিক একসঙ্গে সেখানে উপস্থিত হন। এতে স্থানীয়দের মধ্যে অস্বস্তি তৈরি হয়। ভাষাগত ব্যবধানের কারণে তাঁদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলাও কঠিন হয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্য, গত তিন থেকে চার মাস ধরে এলাকার বিভিন্ন দোকানে গিয়ে নিয়মিত ভিডিও ধারণ করছেন তাঁরা। তবে এসব ভিডিওর প্রকৃত উদ্দেশ্য নিয়ে এখনো অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ভিডিওগুলো চীনা পণ্যের প্রচারের জন্য তৈরি করা হচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি বাড়ানোরও দাবি জানিয়েছেন তাঁরা।