নয়াপল্টনে বিএনপির শোভাযাত্রায় তারেক রহমান, নেতাকর্মীদের ঢল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
শনিবার (৭ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছান তারেক রহমান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেওয়ার পর তাঁর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে।
এ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন। দুপুরের পর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিতি আরও বাড়ে। বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন তাঁরা।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রমিক দল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো পল্টন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। কারও হাতে দলীয় পতাকা, কারও হাতে ব্যানার ও ফেস্টুন। স্লোগানে মুখর হয়ে উঠেছে আশপাশের সড়কগুলো।
শোভাযাত্রায় ছিল ব্যতিক্রমী আয়োজনও। পাঁচটি ঘোড়ার গাড়ি ও একটি হাতি নিয়ে বিশাল মিছিলসহ কর্মসূচিতে যোগ দেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন। ঘোড়ার গাড়ি ও হাতির উপস্থিতি উৎসুক মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
দলীয় সূত্রে জানা গেছে, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে কাকরাইল মোড়, হেয়ার রোড, মিন্টো রোড, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।



