পারিবারিক কলহে রান্নাঘরের ছুরি দিয়ে সাবেক সেনাসদস্য স্বামীকে হত্যা

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে পারিবারিক কলহের জেরে স্বামীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। নিহত দিলীপ (৩৯) দেশটির সাবেক সেনাসদস্য। এ ঘটনায় তাঁর স্ত্রী নির্মলা খারাদিকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার পুলিশ জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে আহমেদাবাদের নরোদা এলাকায় নিজেদের বাড়িতে এ ঘটনা ঘটে। পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রান্নাঘরের ছুরি দিয়ে স্বামীর বুকে আঘাত করেন নির্মলা। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান দিলীপ।

পুলিশের এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানান, পারিবারিক বিষয় নিয়ে প্রথমে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। এই দম্পতির দুই সন্তান রয়েছে।

নরোদা থানার পরিদর্শক বি এম কাটারিয়া জানান, সিসিটিভি ফুটেজ ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই শুক্রবার নির্মলাকে আটক করা হয়।

এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে গুজরাট পুলিশ। ঘটনার কারণ ও বিস্তারিত জানতে তদন্ত চলছে।