আলোচনায় অগ্রগতি হলে ইরানে নতুন হামলার সম্ভাবনা কম: ট্রাম্প
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬
ইরানের সঙ্গে সংঘাত বন্ধে চলমান আলোচনায় অগ্রগতি হলে দেশটিতে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের সঙ্গে শক্তিশালী কোনো চুক্তি না হলে আবারও হামলা শুরু হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আলোচনায় অগ্রগতি অব্যাহত থাকলে ইরানের ওপর নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম। তবে হামলা শুরু হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হতে পারে।
ট্রাম্পের দাবি, হামলা হলে ইরানের ৩৮টি সেতুসহ গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু করার প্রস্তুতি রয়েছে আমেরিকার। মাত্র এক ঘণ্টার মধ্যে এসব স্থাপনা ধ্বংস করা সম্ভব বলেও দাবি করেন তিনি।
এদিকে রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ‘টাস্কফোর্স আয়রন গেট’ পুরোপুরি কার্যকর রয়েছে। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র এবং নিষেধাজ্ঞাভুক্ত পণ্য পরিবহন বন্ধে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে আমেরিকা।
এদিকে হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় জাহাজে হামলার ঘটনা নিয়ে আমেরিকা ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য এসেছে। ইরানের দাবি, প্রণালিসংলগ্ন জলসীমায় দুটি জাহাজ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরেকটি জাহাজে আগুন লেগেছে।
অন্যদিকে আমেরিকার সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ওমান উপসাগরে সেন্ট কিটসের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে সেটিকে অচল করা হয়েছে। জাহাজটি ইরানের বিরুদ্ধে আমেরিকার আরোপ করা অবরোধ ভাঙার চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে।
ইরান জানিয়েছে, দেশটির ওপর নতুন করে হামলা হলে আমেরিকা ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানা হবে। শনিবার ইরানের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেলেও দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছে, সেগুলো ক্ষেপণাস্ত্র হামলার কারণে হয়নি। বরং জলসীমায় ইরানি সামরিক বাহিনীর তৎপরতার সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে।
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি ও অন্যান্য পণ্য পরিবহনও বাধাগ্রস্ত হচ্ছে।
সূত্র: রয়টার্স



