নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে আবেদন করেছেন। আইনজীবীর মাধ্যমে সোমবার (৮ নভেম্বর) পাঠানো একটি চিঠিতে এ আবেদন জানানো হয়। চিঠিটি পর্যালোচনা করে এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর এই প্রথম তাঁর পক্ষ থেকে বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে আনুষ্ঠানিক যোগাযোগের খবর সামনে এল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার প্রস্তুতির ক্ষেত্রে এটি তাঁর সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ।

এর আগে গত ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে বাংলাদেশে ফিরতে চান তিনি।

তবে দেশে ফেরার আগে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান আওয়ামী লীগের নেতারা। দলটির নেতারা রয়টার্সকে জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের তারিখ নির্ধারণ করা হবে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হওয়ার পর।

বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। দলটির জ্যেষ্ঠ নেতাদের একটি বড় অংশ শেখ হাসিনার মতো ভারতে অবস্থান করছেন। কেউ কেউ অন্য দেশে আত্মগোপনে রয়েছেন, আবার অনেকে কারাগারে আছেন।

গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুপস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে এ রায় দেওয়া হয়। তবে ভারত থেকে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানিয়েছেন।

লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিতে উল্লেখ করেছেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন।

চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনার বিদ্যমান পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে তাঁর জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

আইনজীবীরা শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদ থেকে উদ্ভূত বাধ্যবাধকতার ভিত্তিতে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে মন্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সাথে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাঁদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে বর্তমান সরকার। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে।

অন্যদিকে, তাঁর দেশে ফেরার বিষয়টি ভারত ও বাংলাদেশের মধ্যকার টানাপড়েন কমাতেও ভূমিকা রাখতে পারে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই নয়াদিল্লি ও ঢাকার সম্পর্কে উল্লেখযোগ্য অবনতি ঘটেছে।

সূত্র: রয়টার্স