২০২৭ সালের হজ চুক্তি আজ, কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬
সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ ব্যবস্থাপনাসংক্রান্ত চূড়ান্ত দ্বিপক্ষীয় চুক্তি আজ সোমবার (৯ নভেম্বর) স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করবেন।
ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে আগামী হজ মৌসুমে বাংলাদেশের হজযাত্রীদের ব্যবস্থাপনা ও হজ কার্যক্রম পরিচালনায় দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা সম্পন্ন হবে।
এদিকে ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বাড়িয়ে ৮৩ হাজার ৫০০ জন নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৭ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।
এর আগে ২০২৬ সালের হজে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে ৭৮ হাজার ৫০০ জনের হজ পালনের সুযোগ ছিল। ২০২৭ সালের জন্য শুরুতে সৌদি সরকারও একই পরিমাণ কোটা বরাদ্দ দিয়েছিল। তখন সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করা হয়। পরে মোট কোটা বাড়িয়ে ৮৩ হাজার ৫০০ করা হয়।
এর আগে গতকাল রবিবার (৮ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’র উদ্বোধন হয়। মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) উপস্থিত ছিলেন।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী ও সরকারি প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন, স্মার্ট সমাধান ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার লক্ষ্যে সম্মেলনের প্রদর্শনীতে ৩২৫টির বেশি আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।



