জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯:২৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬

৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার পর টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল আলম খান মিল্টন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব এস এম জাহাঙ্গীর, মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী মঙ্গলবার তুরস্কের আনতালিয়ায় পৌঁছে জলবায়ু সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সাথে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। শুক্রবার তিনি দেশে ফিরবেন।

এর আগে সোমবার সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, ১০ থেকে ১২ নভেম্বর তিন দিনের সফরের শেষ দিন সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সফরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে তাঁর বৈঠকের সম্ভাবনাও রয়েছে।