২০০ কোটি ডলারের চিপ কেনা প্রতিষ্ঠান ঘিরে গুপ্তচরবৃত্তির সন্দেহ

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সাথে এক চীনা নারীর সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ওই নারী চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন বলে সন্দেহ করছেন আমেরিকার গোয়েন্দা কর্মকর্তারা। তাঁদের ধারণা, হুয়াংয়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এই সম্পর্ক গড়ে তোলা হয়ে থাকতে পারে।

দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সতর্ক করে একটি গোপন স্মারক তৈরি করা হয়েছিল। স্মারকটিতে হুয়াংয়ের সাথে চীনা নাগরিক অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়। অ্যালিস চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছেন বলে সন্দেহ করা হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অ্যালিস হুয়াংয়ের ওপর ইলেকট্রনিক নজরদারি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই স্মারক তৈরি করা হয়। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, জেনসেন হুয়াংয়ের কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় অ্যালিসকে নিয়োগ দিয়েছিল। তবে এ অভিযোগের বিষয়ে অ্যালিসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালিসের সাথে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও তাঁদের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক নেই। গোপন স্মারকে সতর্ক করা হয়, বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পের অন্যতম প্রভাবশালী ব্যক্তিকে লক্ষ্য করে চীনের গোয়েন্দা অভিযান চালানো হয়ে থাকতে পারে।

চীনে উন্নত প্রযুক্তির এআই চিপ রপ্তানির ওপর আমেরিকার নিষেধাজ্ঞা আরও কঠোর করার বিরোধিতা করে আসছিলেন জেনসেন হুয়াং। তাঁর যুক্তি, আমেরিকান প্রতিষ্ঠানগুলোকে চীনের বাজারে প্রতিযোগিতা করার সুযোগ দেওয়া উচিত।

প্রতিবেদন অনুসারে, মে মাসে ট্রাম্পের চীন সফরের আগে উচ্চপর্যায়ের নিরাপত্তা ছাড়পত্র পাওয়া প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে ওই স্মারক বিতরণ করা হয়। বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান হওয়া সত্ত্বেও শুরুতে ট্রাম্পের সফরসঙ্গী ব্যবসায়ী ও প্রযুক্তি নির্বাহীদের তালিকায় হুয়াংয়ের নাম ছিল না। তবে গোয়েন্দা সতর্কতার কারণে তাঁকে বাদ দেওয়া হয়েছিল কি না, তা নিশ্চিত নয়।

পরে গণমাধ্যমে হুয়াংয়ের সফরসঙ্গী না হওয়ার বিষয়টি প্রকাশিত হলে ট্রাম্প নিজেই তাঁকে প্রতিনিধি দলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। আলাস্কায় যাত্রাবিরতির সময় এনভিডিয়া প্রধান ট্রাম্পের উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে তাঁর সাথে সাক্ষাৎ করেন। এরপর তাঁরা একসাথে চীন সফরে যান।

দ্য নিউইয়র্ক টাইমস এর আগে জানিয়েছিল, প্রায় এক বছর আগে অ্যালিস হুয়াংয়ের ওপর মার্কিন গোয়েন্দা নজরদারি এবং চীনা গোয়েন্দাদের সাথে তাঁর সন্দেহভাজন সম্পর্কের বিষয়ে ট্রাম্পকে অবহিত করা হয়েছিল। অ্যালিসের সাথে যোগাযোগ করা মার্কিন নাগরিকের পরিচয় জানতে চাওয়ার পর জেনসেন হুয়াংয়ের নাম সামনে আসে।

গত রোববার ট্রাম্পকে প্রশ্ন করা হয়, জেনসেন হুয়াংকে চীন সফরে নেওয়ার সিদ্ধান্তে তিনি অনুতপ্ত কি না। জবাবে ট্রাম্প বলেন, তিনি অনুতপ্ত নন। হুয়াংকে একজন সম্মানিত ব্যক্তি উল্লেখ করে এনভিডিয়ার সিইও পদে তাঁর বহাল থাকাকেও সমর্থন জানান ট্রাম্প।

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালিসের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি স্বীকার করে স্ত্রী ও সন্তানদের কাছে ক্ষমা চেয়েছেন জেনসেন হুয়াং। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি আমার স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলাম না। আমার কর্মকাণ্ড তাঁকে এবং আমাদের সন্তানদের আঘাত করেছে। আমি যা করেছি তার কোনো অজুহাত নেই। আমি গভীরভাবে দুঃখিত।’

এনভিডিয়া জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছে। তবে জাতীয় নিরাপত্তা বা প্রতিষ্ঠানের কোনো গোপন তথ্য ফাঁস হয়েছে বলে বিশ্বাস করার মতো কোনো কারণ এখনো পাওয়া যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের দিকে অ্যালিস হুয়াংয়ের প্রতিষ্ঠান মেগাস্পিড বিপুল পরিমাণ উন্নত প্রযুক্তির এনভিডিয়া চিপ কেনা শুরু করে। ওই সময় তাইপেতে একটি অনুষ্ঠানে অ্যালিস ও জেনসেন হুয়াংকে একসাথে দেখা যায়।

মেগাস্পিড প্রায় ২০০ কোটি ডলারের এনভিডিয়া পণ্য কিনেছিল। প্রতিষ্ঠানটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় তথ্যকেন্দ্র তৈরি করে এবং চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবার কাছে কম্পিউটিং ক্ষমতা ভাড়া দেয়। মার্কিন কর্মকর্তাদের সন্দেহ, এ ব্যবস্থার মাধ্যমে আমেরিকার নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার চিপ চীনে পৌঁছানো হচ্ছে।

এ ছাড়া এআই চিপ শিল্পের শীর্ষস্থানীয় একাধিক নির্বাহীর সাথে অ্যালিসের যোগাযোগ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে এনভিডিয়ার সুপারকম্পিউটার সংযোজনকারী প্রতিষ্ঠান গিগাবাইটের কর্মকর্তারাও রয়েছেন।

ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এসব গোয়েন্দা প্রতিবেদনকে ভিত্তিহীন বলে দাবি করেছে। বেইজিংয়ের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অংশ হিসেবে এসব অভিযোগ তোলা হয়েছে বলেও জানিয়েছে দূতাবাস। তবে অ্যালিস হুয়াং এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।