পাসপোর্ট নয়, প্রত্যর্পণ চুক্তিতে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬
শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার পরিবর্তে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার পক্ষে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁদের মতে, পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার বিষয়টি এখনো নিশ্চিত নয়। এ ছাড়া একজন দণ্ডিত পলাতক আসামির ক্ষেত্রে সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হওয়ার সুযোগ নিয়েও প্রশ্ন রয়েছে।
শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার অনুরোধ জানিয়ে ইমেইল পাঠিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়। তবে ওই ইমেইলকে আনুষ্ঠানিক আবেদন হিসেবে দেখছে না সরকার। কারণ, শেখ হাসিনার অনুমোদন বা প্রতিনিধিত্বের পক্ষে প্রয়োজনীয় কোনো নথি ইমেইলের সাথে পাঠানো হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়টি তিনি শুনেছেন। তবে এর সত্যতা এখনো যাচাই করা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে। আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না এবং এর আইনগত ভিত্তি রয়েছে কি না, তা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পলাতক দণ্ডিত আসামিকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সাথে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। আইন অনুযায়ী তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও একই অবস্থান জানিয়েছেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়ার বিষয়টি হাস্যকর। বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। তিনি যদি সত্যিই দেশে ফিরতে চান, তাহলে ভারত সরকারকে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ করতে পারেন। দেশে ফিরে তাঁকে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করতে হবে।
এদিকে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চেয়ে পাঠানো ইমেইলটি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা জানিয়েছেন, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমানের সাথে কথা বলে তিনি জানতে পেরেছেন, ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ইমেইলে শেখ হাসিনার অনুমোদনের কোনো নথি ছিল না। ফলে এটি যে শেখ হাসিনার পক্ষ থেকেই পাঠানো হয়েছে, তা নিশ্চিত হওয়ার সুযোগ নেই।
উপ-প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, হাইকমিশন ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তবে এটি আনুষ্ঠানিক পাসপোর্ট আবেদন নয়, বরং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ। কারণ, বাংলাদেশের নিয়মিত ই-পাসপোর্ট প্রক্রিয়ায় আবেদনকারীকে অনলাইনে ফরম পূরণের পর সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস বা বিদেশে বাংলাদেশের মিশনে সশরীরে উপস্থিত হয়ে ছবি, আঙুলের ছাপ ও চোখের আইরিসের তথ্য দিতে হয়। শেখ হাসিনার ক্ষেত্রে এমন কোনো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার তথ্য পাওয়া যায়নি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার বিষয়টিকে রাজনৈতিক স্ট্যান্টবাজি বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, শেখ হাসিনা কখনো দেশে ফিরবেন না। কেন তিনি পাসপোর্ট পাবেন না এবং সরকার চাইলেও কেন তাঁকে পাসপোর্ট ফেরত দিতে পারবে না, সে বিষয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানও একই ধরনের মন্তব্য করেছেন। তাঁর মতে, পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করার মাধ্যমে শেখ হাসিনা ও আওয়ামী লীগ রাজনৈতিক স্ট্যান্টবাজি করছে। ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার বাস্তব পরিস্থিতি তৈরি না হওয়ায় ভবিষ্যতে পাসপোর্ট ও এনআইডি না পাওয়াকে দেশে ফিরতে না পারার কারণ হিসেবে দেখানো হতে পারে।
অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এত মানুষের প্রাণহানির পরও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। তিনি দেশে ফেরার চেষ্টা করলেও জুলাই গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্বজন ও সাধারণ মানুষ তাঁর কর্মকাণ্ড ভুলে যায়নি। তাঁর মতে, শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন।
জামায়াতে ইসলামীও শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সোমবার দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক ভিডিও বার্তায় বলেন, ভারতে অবস্থান করে নতুন পাসপোর্ট চাওয়ার পদক্ষেপ দেশে ফেরার প্রকৃত উদ্যোগ নয়। এর মাধ্যমে তিনি দলীয় নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়া এবং আওয়ামী লীগে নিজের নেতৃত্ব ধরে রাখার চেষ্টা করছেন।
তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি কার্যকর করার পাশাপাশি প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ ও ইন্টারপোলের সহায়তা নেওয়া যেতে পারে।
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলও বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে দণ্ডিত অপরাধী হিসেবেই ফিরতে হবে। তাঁর মতে, নতুন পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলে তাঁকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে। পাসপোর্ট চাওয়ার মাধ্যমে শেখ হাসিনা নিজেই প্রত্যর্পণের বিষয়টি সামনে আনার সুযোগ তৈরি করেছেন।
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’
তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আওয়ামী লীগের অবস্থান ভিন্ন। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, তাঁদের নেত্রী বাংলাদেশের মাটিতে দেশের মানুষের কাছে ফিরবেন। আইনি প্রক্রিয়া মেনেই তিনি পাসপোর্ট ও এনআইডি চেয়েছেন। এগুলো পাওয়া একজন নাগরিক হিসেবে তাঁর মৌলিক অধিকার। পাসপোর্ট না পেলেও তিনি দেশে ফিরবেন বলে দাবি করেন নাছিম। তবে ফেরার নির্দিষ্ট তারিখ উপযুক্ত সময়ে জানানো হবে বলে জানান তিনি।
প্রত্যর্পণ চুক্তিতে কী আছে
বাংলাদেশ ও ভারতের মধ্যে পলাতক অপরাধী প্রত্যর্পণের আইনি ভিত্তি হলো ১৯৭৪ সালের বন্দি প্রত্যর্পণ আইন এবং ২০১৩ সালে স্বাক্ষরিত দুই দেশের প্রত্যর্পণ চুক্তি। ২০১৬ সালে চুক্তিটি সংশোধন করা হয়।
চুক্তি অনুযায়ী, যেসব অপরাধের সাজা কমপক্ষে এক বছর, সেসব অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে প্রত্যর্পণের সুযোগ রয়েছে। তবে রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ না করার বিধান রয়েছে। হত্যা, অপহরণ ও নাশকতার মতো গুরুতর অপরাধকে চুক্তিতে রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য না করার বিধানও রয়েছে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ২০২৪ সালের ডিসেম্বরে ভারতকে প্রথম কূটনৈতিক নোট পাঠায় বাংলাদেশ। পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে আদালতের রায় ঘোষণার পরও প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে। তবে ভারত এখনো তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি। দেশটি বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার সম্পূর্ণ আইনগত ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করছে। ভারত সরকার তাঁকে হস্তান্তর করলে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতের আওতায় নেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার দেশে ফেরা শুধু পাসপোর্ট বা এনআইডি পাওয়ার বিষয় নয়। এর সাথে জড়িয়ে রয়েছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, আন্তর্জাতিক আইন, প্রত্যর্পণ চুক্তি এবং আঞ্চলিক ভূরাজনীতি। ফলে তাঁকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ বাস্তবায়নে আইনি ও কূটনৈতিক জটিলতা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
সূত্র: রয়টার্স, দ্য ডেইলি স্টার ও সরবরাহ করা প্রতিবেদন।



