২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য প্রকাশ করেছে অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) সাতজন এবং খুলনা বিভাগের একজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪৭৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন।
এ ছাড়া চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ১৩৬ জন ডেঙ্গু রোগী।



