ঋণ নয়, জলবায়ু তহবিল থেকে অনুদান চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় আর কোনো ঋণ নয়, বরং জলবায়ু তহবিল থেকে অনুদান চায় বাংলাদেশ। এ দাবি জোরালোভাবে আন্তর্জাতিক সম্মেলনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শামা ওবায়েদ বলেন, সম্মেলনের উচ্চপর্যায়ের বৈঠকে জলবায়ু অর্থায়নের বিষয়টি জোরালোভাবে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি জানান, পরিবেশ সুরক্ষা ও সবুজ অর্থনীতির অগ্রযাত্রায় বাংলাদেশ ইতিমধ্যে সৌরবিদ্যুৎ উৎপাদন, নদী খননসহ বেশ কিছু টেকসই কর্মসূচি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব জলবায়ু ফোরামে এসব পদক্ষেপ তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে কীভাবে ভয়াবহ ক্ষতির মুখে পড়ছে, তা তুলে ধরবেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের মতো দেশগুলোর সংকটের ইতিহাস অনেক পুরনো। তাই এবারের সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কার্যকর ও সুনির্দিষ্ট সমাধান প্রত্যাশা করছে বাংলাদেশ।

তিনি আশা প্রকাশ করেন, ক্ষতিগ্রস্ত দেশগুলোকে শুধু আশ্বাস নয়, বরং অনুদানের মাধ্যমে জলবায়ু সংকট মোকাবেলায় কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়ার বিষয়ে সম্মেলনে সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসবে।

কপ সম্মেলনের পাশাপাশি বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক, উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এসব কূটনৈতিক তৎপরতা ও উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক জলবায়ু তহবিলের অর্থায়নে ইতিবাচক অগ্রগতি অর্জন সম্ভব হবে।