বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা প্রকাশ, প্রথম শ্রেণিতে বয়স ৬ বছর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬

বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ভর্তির কার্যক্রম অধিকতর স্বচ্ছ ও যুগোপযোগী করার লক্ষ্যে এ নীতিমালা প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত নীতিমালা অনুযায়ী, সংশ্লিষ্ট বিদ্যালয়ের এন্ট্রি শ্রেণিতে এবং আসন শূন্য থাকা সাপেক্ষে সাধারণভাবে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে।

প্রথম শ্রেণিতে ভর্তির বয়স

জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে ৬ বছর বা তার বেশি হতে হবে। তবে বয়স ৭ বছরের কম হতে হবে। ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য জন্মতারিখ নির্ধারণ করা হয়েছে ১ জানুয়ারি ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত।

শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।

শিক্ষাবর্ষ ও আসনসংখ্যা

নীতিমালা অনুযায়ী, শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতি শ্রেণি শাখায় শিক্ষার্থীর সংখ্যা হবে সর্বোচ্চ ৫৫ জন।

ভর্তি পরীক্ষার তারিখ ও সময়

শিক্ষাবর্ষ শুরুর আগে ভর্তি কমিটি যুক্তিসংগত সময়ের মধ্যে পরিচালনা কমিটির সভা আহ্বান করে ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করবে।

একই ক্যাচমেন্ট এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন তারিখে ভর্তি পরীক্ষা আয়োজনের সুবিধার্থে সংশ্লিষ্ট থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে পরীক্ষার সময়সূচি নির্ধারণ করতে হবে।

ভর্তির কার্যক্রম পরিচালনা

প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। ভর্তির কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে হবে। এ জন্য স্কুল কর্তৃপক্ষ এক বা একাধিক উপকমিটি গঠন করতে পারবে।

ঢাকা মহানগরীর স্কুলে ৪০ শতাংশ কোটা

ঢাকা মহানগরীর বেসরকারি স্কুলগুলোতে ভর্তির ক্ষেত্রে স্কুলসংলগ্ন ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ কোটা সংরক্ষণ করতে হবে। অবশিষ্ট আসন সবার জন্য উন্মুক্ত থাকবে।

তবে একই শিক্ষাপ্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ক্যাচমেন্ট এলাকার ৪০ শতাংশ কোটা প্রযোজ্য হবে না।

একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান একই ক্যাচমেন্ট এলাকায় অবস্থিত হলে শিক্ষার্থীরা যেকোনো প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে পারবে।

ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সহায়তায় নিজ নিজ স্কুলের ক্যাচমেন্ট এরিয়া বা সেবা অঞ্চল নির্ধারণ করবেন। ক্যাচমেন্ট এরিয়া নির্ধারণ নিয়ে একাধিক স্কুলের মধ্যে মতপার্থক্য বা জটিলতা দেখা দিলে থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তা সমাধান করবেন।