রমজানে ১১ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে মূল্যবৃদ্ধির চাপ কমাতে ১১ ধরনের পণ্য আমদানিতে বিশেষ ঋণসুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব পণ্য ৯০ দিন পর্যন্ত বাকিতে আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্কুলার অনুযায়ী, চাল, গম ও আটা, পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম অয়েল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর আমদানিতে এ সুবিধা পাওয়া যাবে। এসব পণ্য ৯০ দিন পর্যন্ত বিলম্বিত পরিশোধের শর্তে আমদানি করা যাবে। বিশেষ এ সুবিধা আগামী ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

এ সুবিধার আওতায় সাপ্লায়ার্স ক্রেডিট ও বায়ার্স ক্রেডিট—উভয় পদ্ধতিতে পণ্য আমদানি করা যাবে।

সাপ্লায়ার্স ক্রেডিটের ক্ষেত্রে বিদেশি সরবরাহকারী আমদানিকারককে নির্দিষ্ট সময়ের জন্য বাকিতে পণ্য সরবরাহ করেন। অন্যদিকে বায়ার্স ক্রেডিটের ক্ষেত্রে বিদেশি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আমদানির অর্থায়ন করে। পরে আমদানিকারক নির্ধারিত সময়ের মধ্যে সেই অর্থ পরিশোধ করেন।

ব্যবসায়ীদের জন্য এ সুবিধা গুরুত্বপূর্ণ। কারণ, আমদানির জন্য প্রয়োজনীয় অর্থের পুরোটা তাৎক্ষণিকভাবে সংগ্রহ না করেও পণ্য দেশে এনে বাজারজাত করার সুযোগ তৈরি হবে। এতে আমদানি কার্যক্রমে অর্থায়নের চাপ কিছুটা কমতে পারে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, এ নির্দেশনা আগামী ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। দেশের সব বৈদেশিক মুদ্রা লেনদেনকারী অনুমোদিত ডিলার ব্যাংককে তাদের সংশ্লিষ্ট গ্রাহক ও আমদানিকারকদের বিষয়টি অবহিত করতে বলা হয়েছে। তবে এ বিষয়ে আগের অন্যান্য প্রাসঙ্গিক নির্দেশনা অপরিবর্তিত থাকবে।