পাকিস্তানে বাড়ছে দারিদ্র্য ও ক্ষুধা, মানব উন্নয়নেও পিছিয়ে দেশটি
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬
অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে সরকারের আনুষ্ঠানিক বক্তব্যের বিপরীতে পাকিস্তানে দারিদ্র্য, ক্ষুধা ও মানব উন্নয়ন সংকট ক্রমেই গভীর হচ্ছে। বিশ্বব্যাংক, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনে দেশটির অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
বিশ্বব্যাংকের ‘পাকিস্তান পভার্টি অ্যান্ড ইকুইটি ব্রিফ’ অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরে পাকিস্তানে দারিদ্র্যের হার ছিল ২২ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ২৯ শতাংশে। বর্তমানে দেশটিতে জাতীয় দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে প্রায় সাত কোটি মানুষ।
একই সময়ে অর্থনৈতিক বৈষম্য পরিমাপের সূচক জিনি ইনডেক্স ২৮ দশমিক ৪ থেকে বেড়ে ৩২ দশমিক ৭ হয়েছে, যা গত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ।
বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা, আফগানিস্তান ও পাকিস্তান (মিনাপ) অঞ্চলের চরম দরিদ্র জনগোষ্ঠীর প্রায় অর্ধেকই পাকিস্তানের বাসিন্দা।
ইউএনডিপির ২০২৫ সালের বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্য সূচকেও পাকিস্তানের সংকটের চিত্র উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, দেশটির ৩৮ দশমিক ৩ শতাংশ মানুষ বা প্রায় সাড়ে ৯ কোটি নাগরিক বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। অর্থাৎ তাঁরা শুধু অর্থনৈতিক সংকটেই ভুগছেন না, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো মৌলিক সুবিধা থেকেও বঞ্চিত।
এ ছাড়া আরও প্রায় তিন কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছেন। তুলনামূলকভাবে প্রতিবেশী ভারতে বহুমাত্রিক দারিদ্র্যের হার ১৬ দশমিক ৪ শতাংশ এবং বাংলাদেশে ১৪ দশমিক ৯ শতাংশ।
দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে ক্ষুধা পরিস্থিতিও উদ্বেগজনক। ২০২৬ সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে ১২২টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১০৬তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দেশটির ক্ষুধা পরিস্থিতি সবচেয়ে খারাপ।
খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় পুষ্টিকর খাবার পাওয়ার সুযোগ সংকুচিত হচ্ছে। এর প্রভাব পড়ছে শিশুদের পুষ্টির ওপরও।
মানব উন্নয়নেও পিছিয়ে রয়েছে পাকিস্তান। ইউএনডিপির ২০২৫ সালের মানব উন্নয়ন প্রতিবেদনে ১৯৩টি দেশের মধ্যে দেশটির অবস্থান ১৬৮তম। দক্ষিণ এশিয়ায় শুধু আফগানিস্তান ছাড়া অন্য সব দেশ এ সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে।
এদিকে, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপের তথ্য অনুযায়ী, দেশটির প্রতি তিনজনের একজন মানসিক বা আচরণগত সমস্যায় আক্রান্ত।
জরিপে আরও দেখা গেছে, প্রতি পাঁচজনের একজনের মধ্যে আঘাত-পরবর্তী মানসিক চাপজনিত ব্যাধির লক্ষণ রয়েছে। ছয় শতাংশ মানুষের মধ্যে আত্মহত্যার চিন্তা এবং ১০ শতাংশের বেশি মানুষের বিষণ্নতায় ভোগার তথ্য উঠে এসেছে।
বিশ্লেষকদের মতে, কয়েক দশকের ভুল নীতি ও সুশাসনের অভাব পাকিস্তানের এ সংকটের অন্যতম কারণ। কৃষি খাতে উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানির উচ্চমূল্য, পানিসম্পদ ব্যবস্থাপনার দুর্বলতা এবং পরিবহন ব্যয় খাদ্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে।
পাশাপাশি নিরাপত্তা সংকট ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে মানব উন্নয়নের পরিবর্তে প্রতিরক্ষা খাতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও মনে করছেন বিশ্লেষকরা।
দারিদ্র্য ও ক্ষুধা লাখ লাখ পরিবারের অস্তিত্বের সংকটে পরিণত হলেও জাতীয় আলোচনায় বিষয়গুলো যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না। সংকটের প্রকৃত কারণ এবং আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর তথ্য উপেক্ষা করে জনঅসন্তোষ কমানো কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



