বর্তমান সংসদে শিক্ষিত সদস্যের হার অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে: স্পিকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬
বর্তমান জাতীয় সংসদে শিক্ষিত সদস্যের হার অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় বেশি সুষ্ঠু বলে দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা দিতে গঠিত সর্বদলীয় সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন স্পিকার।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এত সুষ্ঠু নির্বাচন অতীতে কখনো অনুষ্ঠিত হয়নি। বর্তমান সংসদে শিক্ষিত সদস্যের হারও অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি।
বিগত সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে স্পিকার বলেন, দেশের মানুষ সেই অন্ধকার যুগে ফিরে যেতে চায় না।
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আরও দু-তিনটি নির্বাচন অনুষ্ঠিত হলেই দেশে গণতন্ত্রের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
এ সময় ভবিষ্যতে দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান জাতীয় সংসদের স্পিকার।



