আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে নতুন উদ্যোগ সরকারের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬

প্রাথমিক শিক্ষাকে আরও আনন্দময় ও হাতে-কলমে শেখার উপযোগী করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৮ সালের সংশোধিত পাঠ্যক্রমে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য যুক্ত হচ্ছে ৪২০টির বেশি শিক্ষামূলক খেলা।

এসব খেলার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু বই পড়ে নয়, বরং খেলনা ব্যবহার ও বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে বিভিন্ন বিষয় শিখতে পারবে। পাঠ্যবইয়ের বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে এসব খেলার নকশা তৈরি করছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বা নেপ।

বুধবার গণসাক্ষরতা অভিযান ও নেটজ বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এসব তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, প্রতিটি শ্রেণির উপযোগী করে ৪২০টির বেশি শিক্ষামূলক খেলার নকশা প্রস্তুত করা হয়েছে। এর মাধ্যমে প্রথম শ্রেণির শিশুরা খেলনার সাহায্যে যোগ-বিয়োগ শিখবে। আর তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা খেলাধুলার মাধ্যমে পরিসীমা ও ক্ষেত্রফল সম্পর্কে ধারণা পাবে।

প্রতিমন্ত্রী জানান, ২০২৮ সালে নতুন পাঠ্যক্রম চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে। এতে পাঠ্যবইয়ের পাশাপাশি অনুশীলন বই, ভিডিও পাঠ, খেলনা ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা ও গণিতের সমন্বিত শিক্ষা বা স্টেম পদ্ধতি কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

জায়গার সংকট রয়েছে এমন বিদ্যালয়ে ছাদে খেলার মাঠ তৈরির বিষয়টিও বিবেচনা করছে সরকার।

এদিকে, দেশে প্রায় ৩৬ হাজার ৫০০ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। আইনি জটিলতা কাটায় এসব পদে নিয়োগের উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ইতিমধ্যে প্রায় ১২ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষকদের প্রাথমিক প্রশিক্ষণের মেয়াদ ১০ মাস থেকে বাড়িয়ে ১২ মাস করার পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া শিক্ষকদের পাঠদানের বাইরে ৩৭ ধরনের দায়িত্ব পালন করতে হয় বলে সভায় উল্লেখ করা হয়।

আলোচনা সভায় প্রতিটি বিদ্যালয়ে পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী দিয়ে ১০ হাজার টাকা ব্যয়ে স্টেম কর্নার স্থাপনের প্রস্তাব দেন স্কিলস ইন্সপায়ারের প্রধান পরামর্শক আতাউল গনি ওসমানি। এ কার্যক্রম বাস্তবায়নের আগে ৩০০ থেকে ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে চালুর পরামর্শও দেন তিনি।

সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রতিনিধিরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের শেখার ঘাটতি দূর করার ওপর গুরুত্ব দেন।