জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণে ঋণ নয়, অনুদান চাই: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে আরও ঋণের বোঝা না চাপিয়ে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দের দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজন নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সমর্থন। এসব দেশকে নতুন করে ঋণের বোঝা না চাপিয়ে অনুদান দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকা দেশগুলোর একটি। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এই বাস্তবতা সত্ত্বেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।

পরিবেশ সুরক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ মাস্টার প্ল্যান বাস্তবায়নের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য জল সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো।

জলবায়ু অর্থায়ন নিয়ে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরে তারেক রহমান বলেন, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করতে হবে। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণ পরিশোধে বিশেষ ছাড় ও ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে।

এ ছাড়া পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার, নবায়নযোগ্য জ্বালানিতে উত্তরণের জন্য সাশ্রয়ী অর্থায়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণেরও প্রস্তাব দেন। এর ভিত্তি হিসেবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ভাষণের শুরুতে কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সম্মেলনের আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।