নেসেটে কোণঠাসা নেতানিয়াহু, ক্ষমতা হারানোর শঙ্কা
ডেল্টা আর্ন্তজাতিক
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬
ইসরায়েলের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস। নতুন পার্লামেন্ট নেসেটে আসন কমেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোটের। অন্যদিকে বিরোধীদের শক্তি বাড়ায় ক্ষমতা হারানোর শঙ্কায় পড়েছেন দেশটির দীর্ঘদিনের এই প্রধানমন্ত্রী।
মঙ্গলবার শপথ নিয়েছে ইসরায়েলের নতুন পার্লামেন্ট। ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর উগ্র ডানপন্থি জোটের আসন ৬৮ থেকে কমে দাঁড়িয়েছে ৫৩টিতে। অন্যদিকে, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। পাশাপাশি রেকর্ড ১৯ জন আরব-সংখ্যাগরিষ্ঠ দলের আইনপ্রণেতা নির্বাচিত হয়েছেন।
নতুন পার্লামেন্টে নেতানিয়াহুর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতা তদন্তে স্বাধীন কমিশন গঠন। বিরোধী জোটের পাশাপাশি হামলায় স্বজন হারানো আইনপ্রণেতারাও শুরু থেকেই এ কমিশন গঠনের দাবি জানাচ্ছেন।
এ ছাড়া নেতানিয়াহু সরকারের বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার উদ্যোগ এবং অতি-অর্থোডক্স ইহুদিদের সামরিক সেবা থেকে ছাড় দেওয়ার আইন বাতিলের উদ্যোগও নিয়েছে নতুন নেসেট। স্পিকার নির্বাচন নিয়েও বিরোধীদের সঙ্গে সংঘাতে জড়িয়েছে নেতানিয়াহুর পক্ষ।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু। আরব দলগুলোর সমর্থনে সরকার গঠিত হলে ইসরায়েল গৃহযুদ্ধের মুখে পড়তে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
তবে সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অতি-অর্থোডক্স বা হারেদিম দলগুলো। তাদের সমর্থন আইজেনকোটের বিরোধী জোটের দিকে গেলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬৭টি আসন নিশ্চিত হতে পারে।
নতুন পার্লামেন্টে নির্বাচিত অনেক আইনপ্রণেতাই ৭ অক্টোবরের হামলায় স্বজন হারিয়েছেন, কেউ ছিলেন রিজার্ভ সেনা, আবার কেউ জিম্মিদের মুক্তির আন্দোলনে যুক্ত। আইজেনকোটও ওই সংঘাতে হারিয়েছেন নিজের এক ছেলে ও দুই ভাতিজাকে। সব মিলিয়ে নতুন নেসেটে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এখন বড় অনিশ্চয়তার মুখে।



