ঢাকা-চট্টগ্রাম রেলপথে বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬
নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডরে পরীক্ষামূলক প্রকল্প বাস্তবায়নের পর বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র ও সমুদ্রবন্দরের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ আরও আধুনিক হবে। ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে চলবে এসব ট্রেন।
বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (সিপিও) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন করিডর হিসেবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথ নির্বাচন করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম রেলপথেও ভবিষ্যতে বৈদ্যুতিক ট্রেন চালুর পথ তৈরি হবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, পাইলট প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা। প্রকল্পের সিংহভাগ অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আমদানি করা সরঞ্জামের সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ব্যয়, শুল্ক ও ভ্যাট বহন করবে সরকার।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। ২০২৮ সালের মাঝামাঝি থেকে বড় ধরনের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
পাইলট প্রকল্পের আওতায় ১৬ সেট আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন আমদানি করা হবে। এসব ট্রেনের উভয় প্রান্তে চালকের কক্ষ থাকবে। ফলে ট্রেনের দিক পরিবর্তনের জন্য আলাদাভাবে ঘোরানোর প্রয়োজন হবে না। এতে নির্দিষ্ট বিরতিতে ট্রেন চলাচল সহজ হবে।
প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথ যাত্রী ও পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রেলপথ রাজধানীকে দেশের প্রধান সমুদ্রবন্দর ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে যুক্ত করেছে। এখানে বৈদ্যুতিক লোকোমোটিভ চালু করা গেলে কনটেইনার ও ভারী পণ্য পরিবহনে উল্লেখযোগ্য উন্নতি হবে। একই সঙ্গে যাতায়াতের সময় ও পরিচালন ব্যয় কমানো সম্ভব হবে।
বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকায় রেলপথে বছরে প্রায় ৬০ হাজার থেকে ৭০ হাজার টিইইউ (২০ ফুট সমমানের একক) কনটেইনার পরিবহন করা হয়, যা দেশের মোট কনটেইনার পরিবহনের প্রায় ৩ শতাংশ। ধীরাশ্রম ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) প্রকল্পের মাধ্যমে রেলপথে বছরে কনটেইনার পরিবহনের পরিমাণ ৪ লাখ ৫০ হাজার টিইইউতে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এতে রেলপথে পণ্য পরিবহনের সুযোগ বাড়বে।
বৈদ্যুতিক ট্রেন চালুর উপযোগী অবকাঠামো গড়ে তুলতে বাংলাদেশ রেলওয়ে বেশ কিছু উন্নয়নকাজ হাতে নিয়েছে। ঢাকা-টঙ্গী রেলপথে তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণের কাজ এগিয়ে চলছে। অন্যদিকে টঙ্গী-জয়দেবপুর অংশে ডাবল লাইন নির্মাণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
জয়দেবপুরে আধুনিক ইএমইউ ডিপো ও ওয়ার্কশপ নির্মাণের জন্য অতিরিক্ত জমি অধিগ্রহণ করা হচ্ছে। এসব অবকাঠামো ট্রেনের রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় সহায়তা করবে।
এ ছাড়া টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-চট্টগ্রাম রেলপথের বিদ্যমান মিটারগেজ লাইনগুলো ডুয়ালগেজ ডাবল লাইনে রূপান্তরের কাজ চলছে। ভবিষ্যতে রেলপথ বিদ্যুতায়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো শক্তিশালী করাই এর অন্যতম উদ্দেশ্য।
রেলওয়ে সূত্র জানায়, সরকার আপাতত ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেনের পরিবর্তে সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চালুর ওপর গুরুত্ব দিচ্ছে। এ প্রসঙ্গে রফিকুল ইসলাম বলেন, বুলেট ট্রেন চালু করতে আনুমানিক দেড় লাখ কোটি থেকে আড়াই লাখ কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হতে পারে। পাশাপাশি জমি অধিগ্রহণ এবং ঘনবসতিপূর্ণ কৃষিপ্রধান এলাকায় এ ধরনের রেলপথ নির্মাণ বড় চ্যালেঞ্জ।
তাই অবকাঠামো নির্মাণের ব্যয় ও জমির প্রয়োজনীয়তা বিবেচনায় বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনাকে তুলনামূলকভাবে বাস্তবসম্মত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
বৈদ্যুতিক ট্রেন চালু হলে কার্বন নিঃসরণ ও বায়ুদূষণ কমার পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে বলে আশা করছে রেলওয়ে। রফিকুল ইসলাম জানান, নতুন প্রকল্পগুলোর পরিবেশগত সুফল এবং কার্বন নিঃসরণ কমানোর সম্ভাবনা মূল্যায়ন করা হচ্ছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রক্রিয়ার মাধ্যমে এসব প্রকল্প থেকে কার্বন ক্রেডিট অর্জনের সুযোগও রয়েছে।



