তুরস্কে এস-৭০ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬
তুরস্কের পূর্বাঞ্চলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনা সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির মালাতিয়া প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
তুরস্কের সংবাদমাধ্যম টার্কিয়ে টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় চার সেনা সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনো জানা যায়নি।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মালাতিয়া প্রদেশের রাজধানী শহরের দক্ষিণ উপকণ্ঠে সামানকয় এলাকায় সন্ধ্যার দিকে এস-৭০ মডেলের সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে থাকা চার সেনা সদস্যের সবাই নিহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। নিহত সেনা সদস্যদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে তুর্কি সশস্ত্র বাহিনী ও দেশবাসীর প্রতিও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী ও চিকিৎসক দল পাঠানো হয়।



