জার্মানিতে স্নাতকোত্তরে স্কলারশিপ, বাংলাদেশিদের আবেদনের সুযোগ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬
জার্মানিতে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন এমন শিক্ষার্থীদের জন্য রয়েছে বৃত্তি নিয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ। ২০২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টারন্যাশনাল হেলথ বিষয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে দেশটির প্রাচীন ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়। এ প্রোগ্রামে বাংলাদেশসহ বিভিন্ন উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
এ বৃত্তির নাম ডিএএডি ইপিওএস (DAAD EPOS)। এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা মাসিক বৃত্তির পাশাপাশি বিমানভাড়া, আবাসন ও স্বাস্থ্যবিমাসহ বিভিন্ন আর্থিক সুবিধা পাবেন।
১৩৮৬ সালে প্রতিষ্ঠিত হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় জার্মানির সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়। উন্নত গবেষণা, দীর্ঘ ঐতিহ্য ও আন্তর্জাতিক শিক্ষার পরিবেশের জন্য বিশ্ববিদ্যালয়টি বিশ্বজুড়ে পরিচিত।
আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৭।
সুযোগ-সুবিধা
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা যেসব সুবিধা পাবেন—
-
বিমানভাড়া ও যাতায়াত ভাতা।
-
মাসিক আবাসন ভাতা।
-
পরিবারের সদস্যদের জন্য মাসিক ভাতা।
-
নির্ধারিত হারে মাসিক বৃত্তি।
-
ব্যক্তিগত দায়বদ্ধতা, স্বাস্থ্য ও দুর্ঘটনাবিমার খরচ।
প্রয়োজনীয় কাগজপত্র
-
অনলাইন আবেদনপত্র।
-
শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র।
-
দুটি সুপারিশপত্র।
-
হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)।
-
বৈধ পাসপোর্টের কপি।
-
ইংরেজি ভাষায় দক্ষতার সনদ।
আবেদনের যোগ্যতা
-
আবেদনকারীকে উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে।
-
চিকিৎসক অথবা সামাজিক বিজ্ঞান কিংবা জনস্বাস্থ্যসংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এ ক্ষেত্রে কমপক্ষে ২৪০ ইসিটিএস ক্রেডিট থাকতে হবে।
-
নিম্ন ও মধ্যম আয়ের দেশে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
-
ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে টোয়েফল আইবিটি পরীক্ষায় ৯২ থেকে ৯৩ অথবা আইইএলটিএস পরীক্ষায় কমপক্ষে ৬.৫ স্কোর থাকতে হবে।
-
আবেদনকারীর মাতৃভাষা ইংরেজি হলে অথবা বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ পড়াশোনা ইংরেজি মাধ্যমে সম্পন্ন করলে ভাষাগত দক্ষতার সনদ প্রয়োজন হবে না।
-
জার্মান ভাষায় দক্ষতা বাধ্যতামূলক নয়।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রোগ্রাম, যোগ্যতা, বৃত্তির সুবিধা ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা যাবে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।



