ডায়াবেটিস প্রতিরোধে আগাম সচেতনতার বিকল্প নেই: শেখ রবিউল আলম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬

ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ প্রতিরোধে আগাম সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সুস্থ থাকতে সুষম খাদ্যাভ্যাস, মানসিক চাপ নিয়ন্ত্রণ ও নিয়মিত শারীরিক পরিশ্রমের বিকল্প নেই।

তিনি বলেন, রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নেওয়ার পাশাপাশি রোগ প্রতিরোধে আগে থেকেই সচেতন হতে হবে। ডায়াবেটিস ও হরমোনজনিত রোগের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হওয়ার পাশাপাশি রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

গতকাল শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে ধানমন্ডি সোসাইটি ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত ডায়াবেটিস সচেতনতা ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে বক্তব্য দেন মন্ত্রী।

শেখ রবিউল আলম বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীদের সঙ্গে রোগীদের যথাযথ যোগাযোগ থাকা প্রয়োজন। নিজের শারীরিক সমস্যা ও রোগের লক্ষণ সম্পর্কে চিকিৎসককে বিস্তারিত জানালে সঠিক চিকিৎসা গ্রহণ সহজ হয়। মানুষকে স্বাস্থ্যসচেতন করে তুলতে সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ধানমন্ডি সোসাইটি ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে। তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সুস্থ ও সুন্দর জীবনযাপনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান।

এ সময় মন্ত্রী ধানমন্ডি এলাকার উন্নয়ন প্রসঙ্গে ধানমন্ডি লেক সংস্কার ও এলাকার জলাবদ্ধতা নিরসনে প্রকল্প গ্রহণের বিষয়েও কথা বলেন। তিনি এলাকার নাগরিক সুবিধা বাড়াতে উন্নয়নমূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মুসাদ্দেক হাবিব মিতু, অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান, অধ্যাপক ডা. নাজমুন নাহার, ডা. ফারিয়া আফসানা, অধ্যাপক ডা. এম. সাইফুদ্দিন ও ডা. নাভীদ আহমেদ। তাঁরা ক্যাম্পে অংশগ্রহণকারীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন।

অধ্যাপক ডা. নাজমুন নাহার বলেন, ‘আমরা যখন অসুস্থ হই, তখন চিকিৎসকের কাছে যাই। কিন্তু অসুস্থ না হওয়ার জন্যও যে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, সেটি মানুষকে জানতে হবে। আমাদের দেশের মানুষ এখনো এ বিষয়ে যথেষ্ট সচেতন নয়। ডায়াবেটিস শরীরের প্রতিটি অঙ্গকে আঘাত করে। অনেকে জানেনই না যে তাঁদের ডায়াবেটিস আছে। তাই এ ধরনের ক্যাম্প আয়োজন করা প্রয়োজন।’

জনকল্যাণমূলক এ উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি বিশেষ সহযোগিতা করে। আয়োজনে সার্বিক সহযোগিতা করে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। বৈজ্ঞানিক সহযোগী হিসেবে ছিল রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এবং একাগ্রা উন্ড অ্যান্ড ফুট কেয়ার হাসপাতাল লিমিটেড।

আয়োজকরা জানান, ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই ছিল এ ক্যাম্পের মূল উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগের মাধ্যমে রোগ প্রতিরোধ, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসকদের পরামর্শ গ্রহণে মানুষকে উৎসাহিত করা সম্ভব।

ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন করতে ধানমন্ডি সোসাইটির সভাপতি, কার্যনির্বাহী পরিষদের সদস্য, সাধারণ সদস্য, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অনুষ্ঠানে আয়োজক সংগঠনের প্রতিনিধি, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। ক্যাম্পে সাধারণ মানুষের জন্য ডায়াবেটিসসহ বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা বিষয়ে পরামর্শ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

ধানমন্ডি সোসাইটির পক্ষ থেকে এ উদ্যোগে উপস্থিত থাকার জন্য মন্ত্রী শেখ রবিউল আলমের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, চিকিৎসক, সহযোগী প্রতিষ্ঠান এবং ক্যাম্পে অংশগ্রহণকারীদের প্রতিও ধন্যবাদ জানানো হয়।

সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে ধানমন্ডি সোসাইটি ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।