আমেরিকা-যুক্তরাজ্য-কানাডায় ভর্তির আবেদন, যেসব ভুল এড়াবেন
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬
আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষা নিতে চান অনেক শিক্ষার্থী। তবে বিদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শুধু শিক্ষাগত যোগ্যতা পূরণ ও আবেদন করাই যথেষ্ট নয়। নিজের একাডেমিক অর্জন, দক্ষতা, আগ্রহ এবং ভবিষ্যৎ পরিকল্পনা যথাযথভাবে তুলে ধরাও গুরুত্বপূর্ণ। এসব বিষয় বিবেচনায় নিয়ে বিদেশে উচ্চশিক্ষার আবেদন আরও আকর্ষণীয় করতে ছয়টি পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান আইডিপি এডুকেশন।
১. একাডেমিক ফলাফল ও অর্জন তুলে ধরুন
বিদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনে শিক্ষার্থীর একাডেমিক ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধারাবাহিক ভালো ফলাফল, সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান, প্রাসঙ্গিক কোর্স ও সনদের তথ্য আবেদনে তুলে ধরতে হবে।
এ জন্য নম্বরপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ডিগ্রি সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে হবে।
২. আকর্ষণীয় স্টেটমেন্ট অব পারপাস লিখুন
বিদেশে উচ্চশিক্ষার আবেদনে স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) গুরুত্বপূর্ণ। এতে শিক্ষার্থীর একাডেমিক আগ্রহ, ভবিষ্যৎ কর্মজীবনের পরিকল্পনা এবং নির্দিষ্ট কোর্স ও বিশ্ববিদ্যালয় বেছে নেওয়ার কারণ স্পষ্টভাবে তুলে ধরতে হবে।
এসওপিতে নিজের গবেষণা, প্রকল্প, অ্যাপ তৈরি কিংবা ব্যক্তিগত উদ্যোগের অভিজ্ঞতা উল্লেখ করা যেতে পারে। শুধু অর্জনের তালিকা না দিয়ে এসব অভিজ্ঞতা কীভাবে নিজের আগ্রহ ও ভবিষ্যৎ পরিকল্পনাকে প্রভাবিত করেছে, তা ব্যাখ্যা করা প্রয়োজন।
৩. সহশিক্ষা কার্যক্রম ও নেতৃত্বের অভিজ্ঞতা তুলে ধরুন
শুধু একাডেমিক ফলাফল নয়, পড়াশোনার বাইরের কার্যক্রমও বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনে গুরুত্ব পেতে পারে। খেলাধুলা, শিল্প-সংস্কৃতি, স্বেচ্ছাসেবা, উদ্যোক্তা কার্যক্রম কিংবা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন শিক্ষার্থীরা।
এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীর নেতৃত্বের দক্ষতা, দলগতভাবে কাজ করার সক্ষমতা এবং নতুন উদ্যোগ নেওয়ার মানসিকতা প্রকাশ পায়।
৪. সুপারিশপত্র সংগ্রহে গুরুত্ব দিন
বিদেশের বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে শিক্ষক, অধ্যাপক বা পরামর্শকের কাছ থেকে সুপারিশপত্র (লেটার অব রেকমেন্ডেশন) প্রয়োজন হতে পারে। যাঁরা শিক্ষার্থীর একাডেমিক দক্ষতা, ব্যক্তিগত বৈশিষ্ট্য ও কাজের ধরন সম্পর্কে ভালো জানেন, তাঁদের কাছ থেকে সুপারিশপত্র নেওয়া উচিত।
সুপারিশপত্রে শুধু সাধারণ প্রশংসা নয়, বরং শিক্ষার্থীর নির্দিষ্ট অর্জন, দক্ষতা ও কাজের বাস্তব উদাহরণ থাকলে তা বেশি কার্যকর হয়।
৫. কাজের অভিজ্ঞতা ও ইন্টার্নশিপের তথ্য দিন
বিশেষ করে স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট খাতে কাজের অভিজ্ঞতা আবেদনকে আরও শক্তিশালী করতে পারে। তবে স্নাতক পর্যায়ে ভর্তির আবেদনকারীরাও ইন্টার্নশিপ, মাঠপর্যায়ের কাজ কিংবা খণ্ডকালীন চাকরির অভিজ্ঞতা তুলে ধরতে পারেন।
এ ধরনের অভিজ্ঞতা শিক্ষার্থীর ব্যবহারিক দক্ষতা, দায়িত্ব পালনের সক্ষমতা এবং সংশ্লিষ্ট বিষয়ে আগ্রহের প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে।
৬. প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নির্ভুলভাবে আবেদন করুন
আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, এসওপি ও অন্যান্য প্রয়োজনীয় নথির ভাষা, বিন্যাস ও উপস্থাপনায় পেশাদারত্ব বজায় রাখতে হবে। বানান ও ব্যাকরণগত ভুল এড়িয়ে প্রতিটি নথি নির্ধারিত নিয়মে তৈরি করা জরুরি।
প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা, আবেদনের শেষ তারিখ এবং নথি জমা দেওয়ার নিয়ম আগে থেকেই জেনে নিতে হবে। ইংরেজি যাঁদের মাতৃভাষা নয়, তাঁদের ক্ষেত্রে গ্রহণযোগ্য ইংরেজি ভাষাদক্ষতা পরীক্ষায় ভালো স্কোর থাকাও ভর্তির যোগ্যতা প্রমাণে সহায়ক হতে পারে।
বিদেশে উচ্চশিক্ষার আবেদনে এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করলে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা ও অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কর্তৃপক্ষের কাছে আরও সুস্পষ্টভাবে তুলে ধরতে পারবেন।



