চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, আটক চালক-সুপারভাইজার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬

রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। বাসে থাকা এক যাত্রীকে জিম্মি করে তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে দুই যুবককে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাসটির চালক ও সুপারভাইজারকে আটক করেছেন স্থানীয় লোকজন।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন।

নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) এবং লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।

বাসের যাত্রী আতিক ইসলাম জানান, তার কাছে টাকা থাকায় অন্য যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়া হলেও তাকে নামানো হয়নি। একপর্যায়ে বাসের হেল্পার ও সুপারভাইজার তাকে জিম্মি করেন এবং গলায় গামছা পেঁচিয়ে ধরেন। এ সময় মুকুল ও শাকিব তাকে বাঁচাতে এগিয়ে এলে তাদের লাথি মেরে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়।

আতিক আরও জানান, তিনি চিৎকার শুরু করলে একটি মাইক্রোবাসের যাত্রীরা বিষয়টি দেখতে পান এবং স্থানীয় লোকজনকে জানান। পরে স্থানীয়রা বাসটি আটক করেন। বাসটি আটকানো না হলে তাকেও ফেলে দেওয়া হতো বলে দাবি করেন তিনি।

নিহত শাকিবের বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তার ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন। তাদের চাচা আতিক ইসলামের কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ পার হওয়ার পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে আতিককে জিম্মি করা হয়। পরে মুকুল ও শাকিব তাকে বাঁচাতে গেলে লাথি ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়।

পরে চিকলী এলাকায় স্থানীয় লোকজন ও একটি মাইক্রোবাসের যাত্রীরা বাসটি আটক করেন।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় পৌঁছায়। সেখানে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। তাদের একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।