ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী কমছে, আয় কমেছে ৬০ কোটি পাউন্ড

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬

বিদেশি শিক্ষার্থীদের ভিসা নীতিতে কড়াকড়ির প্রভাব পড়তে শুরু করেছে ব্রিটেনের উচ্চশিক্ষা ও অর্থনীতিতে। আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় দেশটির অর্থনীতিতে ২১০ কোটি পাউন্ডের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। সম্প্রতি লন্ডন ইকোনমিকসের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষণা অনুযায়ী, ২০২২-২৩ শিক্ষাবর্ষে সর্বোচ্চ অবস্থানের তুলনায় ব্রিটেনের বিজনেস স্কুলগুলোতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি ১৮ শতাংশ কমেছে। এর ফলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর আয় কমেছে প্রায় ৬০ কোটি পাউন্ড। সব মিলিয়ে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২১০ কোটি পাউন্ড, যা প্রায় ৩২ হাজার ৩০০টি কর্মসংস্থানের সমান।

বিদেশি শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের ব্রিটেনে নেওয়ার সুযোগ সীমিত করাসহ অভিবাসন নীতিতে বিভিন্ন পরিবর্তনকে শিক্ষার্থী কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে ব্রিটেনে প্রতি তিনজন বিদেশি শিক্ষার্থীর একজন ব্যবসা ও ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করেন। একজন বিদেশি শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা নিয়ে পড়াশোনার পুরো সময়ে গড়ে ১ লাখ ৩ হাজার পাউন্ডের অর্থনৈতিক অবদান রাখেন।

বিদেশি শিক্ষার্থীরা শুধু বিশ্ববিদ্যালয়ের আয় বাড়ান না, স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি তারা দক্ষ জনশক্তি তৈরি, আন্তর্জাতিক বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধি এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে অবদান রাখেন।

তবে ভিসা নীতিতে কড়াকড়ি এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা কমে যাওয়ায় ব্রিটেনের উচ্চশিক্ষা খাত ও অর্থনীতিতে এর প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।