বাংলা ভাষায় দক্ষতা থাকলে নিউইয়র্কে ঘণ্টায় ২২ ডলারের চাকরির সুযোগ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬
আমেরিকার নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে (এনওয়াইপিএল) ঘণ্টায় ২২ ডলার বেতনে খণ্ডকালীন চাকরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির ‘আফটার স্কুল’ কর্মসূচির আওতায় ম্যানহাটনের ব্লুমিংডেল লাইব্রেরিতে ‘আফটার স্কুল টিউটর’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। এ পদে বাংলা ভাষায় দক্ষ প্রার্থীরা বাড়তি সুবিধা পাবেন।
নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত কর্মীদের ছয় থেকে ১২ বছর বয়সী শিশুদের পড়াশোনায় সহায়তা করতে হবে। স্কুল শেষে লাইব্রেরিতে আসা শিশুদের বিনা মূল্যে বাড়ির কাজ সম্পন্ন করতে সাহায্য করা এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করাই হবে তাঁদের মূল দায়িত্ব।
ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডে অবস্থিত ব্লুমিংডেল লাইব্রেরিতে সরাসরি উপস্থিত থেকে কাজ করতে হবে। সপ্তাহে চার দিন—সোমবার থেকে বৃহস্পতিবার—প্রতিদিন চার ঘণ্টা করে মোট ১৬ ঘণ্টা দায়িত্ব পালন করতে হবে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে চার ঘণ্টার শিফট নির্ধারণ করা হবে।
ঘণ্টায় ২২ ডলার হিসাবে সপ্তাহে মোট ৩৫২ ডলার আয় হবে। চার সপ্তাহে এই আয় দাঁড়াবে ১ হাজার ৪০৮ ডলার। বছরের ৫২ সপ্তাহের গড় হিসাবে কর কাটার আগে মাসিক আয় হতে পারে প্রায় ১ হাজার ৫২৩ ডলার। তবে সরকারি ছুটি ও কর্মসূচির বিরতির কারণে প্রকৃত আয়ে কিছুটা তারতম্য হতে পারে।
আবেদনের জন্য স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে তাঁদের অন্তত দুই বছরের পড়াশোনা সম্পন্ন হতে হবে।
এ ছাড়া প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের গণিত, বিজ্ঞান, ইংরেজি ও সামাজিক বিজ্ঞান পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে। শিশুদের সঙ্গে কাজের পূর্ব অভিজ্ঞতাও আবশ্যক। পাশাপাশি গুগল অ্যাপ্লিকেশন ও মাইক্রোসফট অফিস ব্যবহারে সাধারণ দক্ষতা থাকতে হবে।
এই নিয়োগের অন্যতম আকর্ষণীয় দিক হলো, দ্বিতীয় ভাষায় দক্ষতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। বাংলা, আরবি, চীনা, ফরাসি, স্প্যানিশ ও উর্দু ভাষায় যোগাযোগে পারদর্শী প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন। তবে বাংলা জানা বাধ্যতামূলক নয়। শুধু ভাষায় দক্ষতা থাকলেই চাকরি নিশ্চিত হবে না; অন্যান্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাও থাকতে হবে।
টিউটরদের দায়িত্বের মধ্যে থাকবে শিশুদের ব্যক্তিগত ও দলগতভাবে পড়াশোনায় সহায়তা করা, অভিভাবকদের কর্মসূচি সম্পর্কে তথ্য দেওয়া এবং শিক্ষার্থীদের উপস্থিতি ও প্রশাসনিক হিসাব সংরক্ষণ করা।
২০২৬-২৭ শিক্ষাবর্ষের এই কর্মসূচি চলবে ২০২৭ সালের ৯ জুন পর্যন্ত। নিউইয়র্ক সিটির স্কুল বন্ধ ও গ্রীষ্মকালীন ছুটির সময় নিয়মিত কাজ করতে হবে না। তবে মাঝেমধ্যে কর্মীদের সভা বা প্রশিক্ষণে অংশ নিতে হতে পারে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে গিয়ে ‘NYPL After School Tutor – Bloomingdale Library’ পদটি খুঁজে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের আগে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত শর্তাবলি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি



