মারা গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৬
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদ্ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
অভিনেতার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ার মমইনে অবস্থান করছিলেন সোহেল খান। শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে তিনি সিনেমাটির শুটিংয়ে অংশ নিচ্ছিলেন। আগামীকাল বুধবার তার শুটিং শেষ হওয়ার কথা ছিল।
মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুত হয়েছিলেন অভিনেতা। পরে ইউনিটের এক সদস্য তাকে ডাকতে হোটেলের কক্ষে যান। সেখানে বিছানায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন ওই সদস্য।
তার চিৎকার শুনে শুটিং ইউনিটের অন্য সদস্যরাও ছুটে আসেন। পরে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
তার আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।



