অভিনেত্রী কারিনা কায়সারের প্রথম জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬

রাজধানীর বনানী মাঠে রবিবার সন্ধ্যা সোয়া ৭টায় অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার–এর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

এর আগে বিকেল ৫টায় একটি এয়ারলাইনসের ফ্লাইটে তার মরদেহ ঢাকায় পৌঁছায়। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী ডিওএইচএসে তার বাসায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টায় বনানী দরবার শরিফ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো শেষে সেখানে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

আগামীকাল সোমবার (১৮ মে) সকাল ৭টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আব্দুল্লাপুর এলাকায় চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

পারিবারিক সূত্র আরও জানায়, লিভারজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১১ মে এয়ার অ্যাম্বুল্যান্সে তাকে ভারতের চেন্নাই নেওয়া হয়। পরে ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার গভীর রাতে তার মৃত্যু হয়।

এর আগে তিনি রাজধানীর একটি হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে স্থানান্তর করা হয়।

কারিনা কায়সার ‘এ’ লেভেল শেষ করে অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়ার আগে একটি গণমাধ্যমের ইংরেজি বিভাগে শিক্ষানবিশ হিসেবে কাজ করেন। পরে দেশে ফিরে তিনি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পান এবং ধীরে ধীরে অভিনয় ও চিত্রনাট্য লেখাতেও যুক্ত হন।

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।